১৫ মার্চ, ২০১৫ ১৯:১১
মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, বিএনপি-জামায়াতের নেত্রী খালেদা জিয়া মিথ্যাচারের রাণী। বিগত চার দলীয় জোট আমলে বিএনপি-জামায়াত দেশব্যাপী লুটপাট করেছে। তাই জনগণ ২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন জোটকে ক্ষমতায় বসিয়েছে বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার বইছে।
তিনি আরও বলেন- বাংলার জনগণ হরতাল-অবরোধ প্রত্যাক্ষান করেছে। মানুষ চায় উন্নয়ন, আর খালেদা আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে জনতাকে খুন করে ক্ষমতায় গিয়ে লুটপাট করতে চায়। তাই জঙ্গিবাদের নেত্রী খালেদাকে প্রতিরোধ করার আহ্বান জানান তিনি।
রবিবার (১৫ মার্চ) বিকেলে নগরীর কোর্ট পয়েন্টে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়কে অপহরনের অপতৎপরতার প্রতিবাদে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
কামরান বলেন, এই অপশক্তি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেছিল। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে।
তিনি আরও বলেন, এই অপশক্তিদের বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জয়কে অপহরণ ষড়যন্ত্রকারীরা পার পাবে না বলেও মন্তব্য করেন তিনি।
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুক উদ্দিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট রাজ উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অ্যাডভোকেট নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সামছুল ইসলাম প্রমুখ।
আপনার মন্তব্য