নিজস্ব প্রতিবেদক

১৫ মার্চ, ২০১৫ ২০:০১

নির্মাণাধীন শাহজালাল সার কারখানার দূর্বল নিরাপত্তা, মালামাল পাচার

ফেঞ্চুগঞ্জে নির্মানাধীন শাহজালাল সার কারখানা প্রকল্পের নিরাপত্তা ব্যবস্থা খুবই দুর্বল হয়ে পড়ছে। প্রতিদিনই পাচার হচ্ছে ছোট বড় মাঝারি রকমের মালামাল। 

গতকাল শনিবার দুপুরে নিরাপত্তা বেষ্টনিকে ফাঁকি দিয়ে দিনে-দুপুরে প্রায় ৫০ লাখ টাকার মালামাল পাচারের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনাই প্রথম নয়, এর আগেও মালামাল পাচারের ঘটনা ঘটেছে। একের পর এক মালামাল পাচারের ঘটনায় শংকিত সংশ্লিষ্টরা। গত ২৬ জানুয়ারী একদল দুর্বৃত্তের অতর্কিত হামলায় সার কারখানার প্রকল্পে নির্মাণকাজে নিয়োজিত সুলতান আহমদ পাটোয়ারী নামক একজন প্রকৌশলী ও গুরুতর আহত হয়েছিলেন। এসব ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি করেছেন স্থানীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী।

এদিকে ৫০ লাখ টাকার মালামাল পাচারের ঘটনায় ৩ সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করেছে শাহজালাল সারকারখান প্রকল্প কতৃপক্ষ। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধারকৃত মালামালসহ কন্টেইনার থানায় জব্দ করে রাখা হয়েছে।

জানা গেছে, ঘটনার দিন দুপুরে শাহজালাল সার কারখানা প্রকল্পের ভেতর থেকে ৬২ ধরনের লৌহজাত সামগ্রী  লাল কন্টেইনারে বোঝাই করে প্রকল্প এলাকা থেকে নিরাপত্তা কর্মীদের চোখ ডিঙিয়ে বাইরে পাচার করা হয়। প্রকল্প কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ হবিগঞ্জ জেলার মাধবুপুর উপজেলা থানা পুলিশের সহায়তায় কন্টেইনারসহ (নং চট্র মেট্রো ই-৮১-০২১৬) কন্টেইনার চালক হারুন মিয়া (৪০) ও ক্রেন অপারেটর আবদুল মজিদকে (৩৮) আটক করা হয়। এসব কন্টেইনার ঢাকার ডেমরা নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের।

শাহজালাল সারকারখানা প্রকল্পের অতিরিক্ত মহাব্যবস্থাপক আ.ন.ম শরিফুল আলম সিলেটটুডে ২৪ কে জানান, মালামাল পাচারের ঘটনায় শাহজালাল সার কারখানার এমটিএস বিভাগের জিএম কাজী রুহুল আমিনকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

এদিকে কারখানার সহকারী নিরাপত্তা কর্মকতা সাজিদুল হক বাদী হয়ে ফেঞ্চুগঞ্জ থানায় ৫ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেছেন (মামলা নং ৩/১৫/০৩/২০১৫ইং)।

ফেঞ্চুগঞ্জ থানার তদন্তকারী কর্মকতা এসআই আমির উদ্দিন জানান- ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের তৎপরতা চালানো হচ্ছে। একটি অসাধু পাচার চক্র কাজ করার ইঙ্গিত দিয়ে তিনি বলেন ‘পাচার চক্রকে ধরতে আমরা তৎপর রয়েছি’। এর আগেও কর্তৃপক্ষের নজর এড়িয়ে মালামাল পাচারকারীদের আমরা আটক করেছি। 

আপনার মন্তব্য

আলোচিত