১৭ মার্চ, ২০১৫ ২১:০০
স্কুলছাত্র সাঈদ হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়েছে সিলেট জেলা বিএনপি। এক বিবৃতিতে সাঈদ হত্যার তীব্র নিন্দা জানিয়ে হত্যাকারীদের শাস্তি দাবি করা হয়।
মঙ্গলবার বিকেলে প্রেরিত যৌথ বিবৃতিতে বলা হয়- চাঁদার জন্য একটি কোমলমতি শিশুকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সিলেটবাসী বাকরুদ্ধ।
নেতৃবৃন্দ বলেন, মানুষের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত একজন পুলিশ সদস্য চাঁদার জন্য নিরীহ নিষ্পাপ স্কুলছাত্রকে নৃশংভাবে হত্যা করে। এ ঘটনার মাধ্যমেই বুঝা যায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কতো অবণতি হয়েছে।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিবৃতি দাতাদের মধ্যে রয়েছেন- সিলেট জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল গাফফার, যুগ্ম আহ্বায়ক আবুল কাহের চৌধুরী শামীম, যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট সামসুজ্জামান জামান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান ও যুগ্ম আহ্বায়ক এমরান আহমদ চৌধুরী।
বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে সিলেট নগরীর রায় নগর থেকে স্কুল ছাত্র আবু সাঈদকে(৯)অপহরণ করা হয়। শনিবার রাত সাড়ে ১০টায় নগরীর কুমারপাড়া ঝর্ণার পাড় সবুজ-৩৭ নং পুলিশ কনস্টেবল এবাদুর রহমানের বাসার ছাদের চিলেকোঠা থেকে শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কনস্টেবল এবাদুর, র্যাবের সোর্স গেদা মিয়া ও আব্দুর রাকিবকে গ্রেফতার করে কোতোয়ালি পুলিশ।
নিহত আবু সাঈদ রায়নগর হাজী শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ও একই এলাকার দর্জিবন্দ বসুন্ধরা ৭৪ নম্বর বাসার আব্দুল মতিনের ছেলে।
আপনার মন্তব্য