নিজস্ব প্রতিবেদক

২৮ জুন, ২০১৬ ০১:১৯

মাহা-ইমজা মিডিয়া কাপে অংশ নিচ্ছে এসএ ফাইটার্স

জনাকীর্ণ সংবাদ সম্মেলনে দল ঘোষণা

সিলেটের মিডিয়া জগতের উজ্জ্বল নক্ষত্রদের নিয়ে গঠিত হলো একটি খেলোয়াড়ী জোট বা স্পোর্টস এলায়েন্স এসএ ফাইটার্স। দেশের স্বনামধন্য মিডিয়ায় সিলেটে কর্মরত সাংবাদিকরা এই জোটের সদস্য। সোমবার রাতে জনাকীর্ণ সংবাদ সম্মেলন করে এই জোট ঘোষণা করেন সিনিয়র সাংবাদিক আল-আজাদ। এই জোট মাহা-ইমজা মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের অংশ নিচ্ছে। সেই সাথে ঘোষণা করা হয় তাদের দল।

সোমবার রাতে নগরীর চৌহাট্টস্থ অভিজাত রেস্তোরা বনফায়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে ১৪ সদস্যের দল এবং অফিসিয়ালসদের নাম ঘোষণা করা হয়।

শ্যামানন্দ শ্যামলকে (এসএ টিভি) অধিনায়ক ও শামীম হোসাইনকে (বৈশাখী টিভি) সহঅধিনায়ক করে ১৪ সদস্যের দল চূড়ান্ত করা হয়। দলের অন্য খেলোয়াড়রা হলেন আল-আজাদ (ইন্ডিপেন্ডেন্ট টিভি), উজ্জ্বল মেহেদী (প্রথম আলো), চয়ন চৌধুরী (সমকাল), ফখরুল ইসলাম (ইত্তেফাক), ফয়সল আমিন (ইনকিলাব), আশরাফুল আলম নাসির (ডেইলি স্টার) দেবাশীষ দেবু (চ্যানেল নাইন) অনিল পাল (এটিএননিউজ),শাহাব উদ্দিন শিহাব (বৈশাখী টিভি),মুজিবুর রহমান ডালিম (মোহনা টিভি) বাপ্পা ঘোষ চৌধুরী (দেশ টিভি), আব্দুল আলিম শাহ (এসএটিভি)।

এছাড়া অফিসিয়াল হিসেবে দলের সিনিয়র খেলোয়াড় আল-আজাদ ম্যানেজার, আফতাব উদ্দিন সহকারী ম্যানেজার, শিব্বির আহমদ কোচ, মিষ্টু দত্ত সহকারী কোচ, আশরাফুল কবীর ফিজিও, আফজাল হোসেনকে মিডিয়া কোর্ডিনেটর মনোনীত করা হয়।

এছাড়া এসএ ফাইটার্স এর চীফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হিসেবে রয়েছেন বাপ্পা ঘোষ চৌধুরী, চীফ অব অপারেশন অফিসার(সিওও)-শাহাব উদ্দিন শিহাব, ডিরেক্টর (ফিন্যান্স)- উজ্জ্বল মেহেদী, ডিরেক্টর (এডমিন)চয়ন চৌধুরী এবং ডিরেক্টর হিসাবে রয়েছেন-আব্দুল আলিম শাহ ও দেবাশীষ দেবু।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে টিম ম্যানেজার আল-আজাদ বলেন, এসএ ফাইটার্স হলো দেশের স্বনামধন্য মিডিয়ায় সিলেটে কর্মরত সাংবাদিকদের একটি খেলোয়াড়ী জোট বা স্পোর্টস এলায়েন্স। “এসএ” এর পূর্ণরুপ হলো স্পোর্টস এলায়েন্স। এটি একটি ক্রীড়ামোদী সাংবাদিকদের এলায়েন্স । সংবাদ সম্মেলনের মাধ্যমে এই এলায়েন্স-এর আত্মপ্রকাশ হলো।

তিনি জানান, আসন্ন মাহা-ইমজা মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৬ তে অংশ নিচ্ছে এসএ ফাইটার্স । এই টুর্নামেন্টের নীতিমালা অনুযায়ী  এসএ ফাইটার্স অংশ নিবে এসএটিভি’র ব্যানারে। সে ক্ষেত্রে মাহা-ইমজা কাপ ফুটবল টুর্নামেন্টে এসএ ফাইটার্স-এর নাম হবে এসএটিভি। তবে পরবর্তী কোন টুর্নামেন্টে অন্য কোন মিডিয়ার ব্যানারে অংশ নিতে পারে। এছাড়া ক্রিকেট, হকি, ভলিবল, ব্যাডমিন্টন, কাবাডি, সাতারসহ অন্য যেকোন খেলাধুলায় এসএ ফাইটার্স অংশ নিবে।

আল-আজাদ বলেন, প্রথমবারের মতো আয়োজিত মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে আমরা শক্তিশালী দল গঠন করেছে এসএ ফাইটার্স। সিলেটের মিডিয়া জগতের উজ্জ্বল নক্ষত্রদের নিয়েই এই দল। খেলাধুলাতেও এই দল সবার সেরা নৈপুন্য প্রদর্শন করবে বলে তিনি প্রত্যাশা করেন। এই টুর্নামেন্টে জয়ের স্বপ্ন নিয়েই মাঠে নামবে এই দল।
দলের অধিনায়ক শ্যামানন্দ শ্যামল বলেন টুর্নামেন্টে সবাই ভাল দল গঠন করেছে। তবে তার দল কাউকে সহজে ছাড় দেবে না।

দলের কোচ শিব্বির আহমদ বলেন, শিগগির কঠোর অনুশীলনে নামছে তার দলের খেলোয়াড়রা। তিনি এই দল নিয়ে আশাবাদী।

দলের পৃষ্ঠপোষক মেট্রোপলিটান ইউনিভার্সিটির জন সংযোগ কর্মকর্তা লোকমান এ চৌধুরী বলেন, মেট্রোপলিটান ইউনির্ভাসিটি সবসময় সাংবাদিকদের এই জোটের পাশে থাকবে। তিনি দলের সফলতা কামনা করেন।

দলের ফুডস স্পন্সর প্রতিষ্ঠান বনফায়ার এর চেয়ারম্যান শামীম আহমদ জানান, তার প্রতিষ্ঠান এসএ ফাইটারর্স এর স্পন্সর হতে পেরে আনন্দিত। ভবিষ্যতেও তারা এই জোটের পাশে থাকবেন।

উল্লেখ্য ঈদের পর সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মাহা-ইমজা মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট।

আপনার মন্তব্য

আলোচিত