নিজস্ব প্রতিবেদক

০৪ জুলাই, ২০১৬ ১৭:১৯

আমাদের মাথা হেঁট হয়ে গেছে

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, গুলশানে কিছু বিপথগামী তরুণের সন্ত্রাসী কর্মকান্ডে জাতি হিসেবে আমাদের মাথা হেঁট হয়ে গেছে। আমরা লজ্জ্বিত।

সোমবার দুপুরে সিলেটে নগরীর ডা. চঞ্চল সড়কের প্রশস্ততকরণ কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ কথাগুলো বলেন।

তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, আপনার সন্তাদের প্রতি খেয়াল রাখুন। তাদের সাথে দুরত্ব কমিয়ে আনুন। সন্তানরা যাতে বিপথগামী না হয় এ ব্যাপারে সচেতন হোন।

উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবুল মাল আবদুল মুহিত বলেন, সন্ত্রাসী হামলার ঘটনায় আশা করছি বিদেশী বিনিয়োগ প্রভাবিত হবে না। তবে এ বিষয়টি আরো কয়েকদিন পরে বুঝা যাবে।

তিনি বলেন, বিদেশীরা বুঝতে পেরেছে জঙ্গিবাদ দমনে শেখ হাসিনা জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছেন। তাই বিনিয়োগে সমস্যা হবে বলে মনে হয় না। তবে দুঃখজনক বিষয় হলো, এঘটনায় বিদেশীরা হয়তো আমাদের দেশে কম আসবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান, ‘প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে রিকাবীবাজার-মীরেরময়দান সড়ক প্রশস্তকরণ, ডিভাইডার নির্মাণ এবং ইলেকট্রিক পোল নির্মাণ করা হয়েছে। দ্বিতীয় ধাপে মীরেরময়দান পয়েন্ট থেকে কেওয়াপাড়া অভিমুখী রাস্তা প্রশস্ত করা হবে।’

এনামুল হাবীব জানান, ‘অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপির ঐকান্তিক প্রচেষ্টায় সড়ক প্রশস্ত করার লক্ষ্যে পুলিশ হেড কোয়ার্টার কর্তৃপক্ষ তাদের প্রায় ১৬ শতক জায়গা সিটি কর্পোরেশনকে প্রদান করেছে। মীরেরময়দান পয়েন্ট থেকে কেওয়াপাড়া অভিমুখী রাস্তা প্রশস্তকরণ কাজে ব্যয় হবে ২ কোটি ২০ লাখ টাকা।’

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ও সাবেক রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন, সিলেটের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  নাসির উদ্দিন খান, সিলেট সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এস এম আবজাদ হোসেন, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ইলিয়াছুর রহমান, ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক, ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৌফিক বকস, সংরক্ষিত ১ আসনের কাউন্সিলর কোহিনুর ইয়াসমিন ঝর্ণা, সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, আব্দুর রকিব বাবলু।

সিলেট সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সচিব বদরুল হক, প্রধান প্রকৌশলী ভারপ্রাপ্ত নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, সহকারী প্রকৌশলী  রুহুল আলম, প্রশাসনিক কর্মকর্তা মোঃ হানিফুর রহমান, বাস্তবায়নকৃত কাজের ঠিকাদার শফিউল আলম চৌধুরী হিফজুর ও অরুন দেসহ আরও অনেকে।  

উদ্বোধনী অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন পুলিশ লাইন জামে মসজিদের পেশ ইমাম মো. সিরাজুল ইসলাম।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩ সেপ্টেম্বর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি রিকাবীবাজার-মীরেরময়দান সড়ক প্রশস্তকরণ, ডিভাইডার নির্মাণ এবং ইলেকট্রিক পোল নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন।



 

আপনার মন্তব্য

আলোচিত