নিজস্ব প্রতিবেদক

০৫ জুলাই, ২০১৬ ২০:৫৯

সিলেট ঈদগায়েও জায়নামাজ ছাড়া অন্য কোন কিছু নেয়া যাবে না

সিলেট মহানগর পুলিশ কমিশনার কামরুল আহসান জানিয়েছেন- ধর্মপ্রাণ মুসল্লিরা যাতে নির্বিঘ্নে শাহী ঈদগাহে এসে ঈদের নামাজ আদায় করতে পারেন সেজন্য পুলিশের পক্ষ থেকে সব ধরণের ব্যবস্থা নেয়া হবে। তবে মুসল্লিরা নামাজে আসার সময় জায়নামাজ ছাড়া অন্য কোন কিছু নিয়ে আসতে পারবেন না।

মঙ্গলবার বিকেলে শাহী ঈদগাহ পরিদর্শনকালে কামরুল আহসান সাংবাদিকদের এসব কথা জানান। পুলিশ কমিশনার এসময় শাহী ঈদগাহ ঘুরে দেখেন এবং নামাজের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন।

এসময় পুলিশ কমিশনারের সাথে ছিলেন- অতিরিক্ত উপ কমিশনার মো. রহমতউল্লাহ, শাহী ঈদগাহের মোতাওয়াল্লী জহির বখত, সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলোয়ার, শাহী ঈদগাহ কমিটির সদস্য কুতুব উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সিলেটে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর ঐতিহাসিক শাহী ঈদগাহে। প্রতিবছর লাখো মুসল্লি একসাথে ঈদের নামাজ আদায় করেন এই ঈদগাহে। এবারও ঈদ জামাতের জন্য শাহী ঈদগাহে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এরআগে মঙ্গলবার সকালে জাতীয় ঈদগাহের নিরাপত্তার সার্বিক প্রস্তুতির সর্বশেষ অবস্থা পরিদর্শন শেষে  ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া নিরাপত্তার স্বার্থে ব্যাগ বা পোটলা নিয়ে জাতীয় ঈদগাহে নামাজ পড়তে না আসার আহ্বান জানান।

আপনার মন্তব্য

আলোচিত