২১ মার্চ, ২০১৫ ০৮:৫৫
সিলেট সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ডের উপ-নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী এলাকায় যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সিলেট জেলা ম্যাজিস্ট্রট মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
আগামীকাল রবিবার ওই ওয়ার্ডের উপ-নির্বাচন হওয়াতে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, আজ শনিবার রাত ১২টা থেকে রবিবার রাত ১২টা পর্যন্ত সিলেট সিটি করপোরেশনের ৭ নং ওয়ার্ড এলাকায় বেবী ট্যাক্সি (অটোরিকশা), ট্যাক্সী ক্যাব, মাইক্রোবাস, জীপ, পিক আপ, কার, বাস, ট্রাক, টেম্পো নির্দিষ্ট এলাকায় চলাচল করতে পারবে না। এমনকি মোটর সাইকেলের উপর আরোপিত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।
তবে উল্লেখিত নিষেধাজ্ঞা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অনুমতি স্বাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের নির্বাচনী এজেন্ট, দেশ-বিদেশী পর্যবেক্ষকদের (পরিচয় পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলযোগ্য।
এছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিকরা (পরিচয় পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরী কাজ যেমন- এ্যাম্বুল্যান্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লেখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে উক্ত নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
আপনার মন্তব্য