বড়লেখা প্রতিনিধি

১১ জুলাই, ২০১৬ ২০:৪৫

বড়লেখা পৌর শহরে তিন দোকানে চুরি

মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরে হাজীগঞ্জ বাজারে এক রাতে নিশাত টেলিকমসহ তিনটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোর নগদ টাকাসহ প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। গত রবিবার (১০ জুলাই) দিবাগত রাতের যে কোন সময়  চুরির এ ঘটনা ঘটে।

থানা পুলিশ ও ব্যবসায়ী সূত্রে জানা গেছে, গত রবিবার দিবাগত রাতে বড়লেখা পৌরসভার মধ্যবাজার এলাকার নেহার মার্কেটের নিশাত টেলিকমের টিনের চাল কেটে চুরির ঘটনাটি ঘটে। চোর দামি ১৭টি মোবাইল ফোন সেট, ১টি পাওয়ার ব্যাংক, ১৮ হাজার টাকার ১টি বায়োমেট্রিক ট্যাব, আট হাজার টাকার মেমোরি কার্ড, ২৫ হাজার টাকার রিচার্জ কার্ড, নগদ ৩৫ হাজার টাকাসহ প্রায় তিন লাখ টাকার মালামাল নিয়ে গেছে।

নিশাত টেলিকমের মালিক খায়রুল ইসলাম জানিয়েছেন, সোমবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে দোকান খুলে মালামাল এলোমেলো দেখতে পান। পরে  চুরির ঘটনাটি বুঝতে পারেন।

একই মার্কেটের পাশের দোকান উত্তম অ্যালুমিনিয়াম থেকে নগদ ২৫ হাজার এবং ইত্যাদি স্টোর থেকে ৭ হাজার টাকা নিয়ে গেছে চোর।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিশাত টেলিকম থেকে বেশকিছু মোবাইল ফোন নিয়ে গেছে চোর। অন্য দোকান থেকে নগদ টাকা চুরি হয়েছে। থানায় এখনো মামলা হয়নি। মামলার প্রস্তুতি চলছে।’

আপনার মন্তব্য

আলোচিত