দেবকল্যাণ ধর বাপন

১৩ জুলাই, ২০১৬ ২৩:৫৪

রথের মেলায় জমজমাট জুয়ার আসর

হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা উপলক্ষ্যে নগরীর রিকাবিবাজার এলাকায় প্রতিবছরের মতো এবারও মেলা বসানো হয়েছে। এই মেলায় প্রকাশ্যে চলছে জমজমাট জুয়ার আসর।

সড়কের ওপাশে পুলিশ লাইন। অপর পাশে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে জুয়ার আসর। প্রশাসনের চোখের সামনে জুয়ার আসর চললেও প্রশাসন এ ব্যাপারে নিরব। স্থানীয় সরকারদলীয় নেতাদের পৃষ্ঠপোষকতায় রথের মেলায় জুয়ার আসর চলছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

তবে পুলিশ বলছে, এই মেলারই কোনো অনুমতি নেই। পুলিশের আপত্তি সত্ত্বেও মেলা চালানো হচ্ছে।

জানা যায়, গত শনিবার থেকে শুরু হওয়া রথের মেলা চলবে ১৪ জুলাই পর্যন্ত। মেলায় জেলা পুলিশ লাইনের পাশে রিকাবীবাজার সংলগ্ন রাস্তায় ও ফুটপাতে বসানো হয়েছে স্টল।

বুধবার দুপুর ৩টায় রথের মেলায় গিয়ে দেখা যায়, ডা. চঞ্চল রোডের পাশের দুটি স্টলে পর্দার অন্তরালে চলছে জুয়ার আসর। বিভিন্ন বয়সী মানুষের এ আসরে আনাগোনা থাকলেও কিশোর ও তরুণদের সংখ্যাই ছিল বেশি।

এ সময় সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে জুয়া ব্যবসায়ীরা তাদের ব্যবসা গুটিয়ে নেওয়ার চেষ্টা করে।

জুয়ার বোর্ডের সাথে জড়িত একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা প্রশাসনকে ম্যানেজ করেই এ খেলার আয়োজন করেছি। তাই আমাদের ভয়ের কোন কারণ নেই।

জানা যায়, রথ মেলা কমিটি পরিচালনায় রয়েছে জয় এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান, যার স্বত্ত্বাধীকারী হলেন আব্দুল খালিক লাভলু এবং মেলার পরিচালনার দায়িত্বে রয়েছেন জীবন আহমদ সফর।

এ বিষয়ে মেলার পরিচালনার দায়িত্বে থাকা জীবন আহমদ সফরের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, মেলায় আসুন। সামনাসামনি কথা হবে।

এ বিষয়ে সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জুয়ার আসর সম্পর্কে আমার কিছু জানা নেই। চেয়ার টেবিল সব নিয়ে এসেছি। তারপরও আপনি যদি জুয়ার আসর দেখেন, পুলিশকে খবর দিয়েন। পুলিশ তাদের ধরে নিয়ে আসবে।

তিনি বলেন, পুলিশ এই মেলারই অনুমোদন দেয় নি। আমরা মেলা আয়োজনের ব্যাপারে আপত্তি জানিয়েছিলাম। কিন্তু সিটি করপোরেশন অনুমোদন দিয়েছে। এখন শুনছি তারা নাকি মেলার সময়ও বাড়াতে চাচ্ছে। আমরা এটারও বিরোধীতা করছি।

আপনার মন্তব্য

আলোচিত