১৪ জুলাই, ২০১৬ ০০:৪০
সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন সংবাদকর্মী রেজওয়ান আহমদ। গত ৯ জুলাই তার নিজ গ্রাম সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ভাটিপাড়ায় তিনি সন্ত্রাসী হামলার শিকার হন।
পূর্ব বিরোধের জেরে তার মাথায় ও কোমরে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে কোমরে ছোরাবিদ্ধ অবস্থায় রেজওয়ানকে ফেলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে হাসপাতালে অপারেশন করে ছোরা বের করা হয়।
আহত রেজওয়ানের অবস্থা গুরুতর। তিনি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রেজওয়ান দৈনিক সিলেটের ডাকের সিটিপি মেশিনম্যান হিসেবে কর্মরত আছেন।
এ ঘটনায় রেজওয়ানের ছোট ভাই মো. জুবের আহমদ বাদী হয়ে দিরাই থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ১২, তারিখ ১১/০৭/১৬ ইং। মামলায় ভাটিপাড়ার মৃত আব্দুল মুকিতের ছেলে সুরুজ আলী, বদরুল, মৃত আব্দুল মানিকের ছেলে লেচু মিয়া, আয়াত আলীর ছেলে আহমদ, মৃত আব্দুল মানিকের ছেলে আলিফ আহমদ রাজু সহ অজ্ঞাত আরো ৪ জনকে আসামী করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ জুলাই সকাল ৯ টার দিকে রেজওয়ান আহমদ ভাটিপাড়া বাজার থেকে প্রয়োজনীয় মালামাল কিনে ফেরার সময় আসামীরা তার ওপর হামলা চালায়। এসময় তাকে ছুরিকাঘাত এবং মাথায় আঘাত করা হয়। একই সাথে তার পায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। এসময় তার সাথে থাকা টাকা ও মোবাইল ফোনও নিয়ে যায় তারা।
মামলার এজাহারে আবারো পরিবারের ওপর হামলার আশংকা করেন জুবের আহমদ।
এ ব্যাপারে দিরাই থানার পুলিশ পরিদর্শক আনিসুর রহমান জানান, মামলার তদন্ত চলছে তবে এখনো আসামীদের কাউকে গ্রেফতার করা হয়নি।
আপনার মন্তব্য