২২ মার্চ, ২০১৫ ১৩:৩৯
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ভাকৈর গ্রামে মা ও দুই সন্তানের রহস্যজনক মৃত্যু ঘটেছে।
রোবরাব (২২ মার্চ) গ্রামের ফরিদ মিয়ার বাড়ীর পাশ্ববর্তী জারুল গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় মায়ের লাশ আর দুই শিশু সন্তানের লাশ উদ্ধার করা হয় বাড়ির পাশের পুকুর থেকে।
রহস্যজনকভাবে মৃত্যু হওয়া মা ও সন্তানরা হলেন- বড় ভাকৈর গ্রামের ফরিদ আহমদের স্ত্রী রুমেনা খাতুন (৩০), তার মেয়ে মুসলিমা খাতুন (৭) ও ছেলে মুসা মিয়া (৫)। আজ সকাল ১০টায় নবীগঞ্জ থানা পুলিশ লাশ তিনটি উদ্ধার করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে স্ত্রী ও দুই সন্তানকে পাশে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন ফরিদ। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে দুই সন্তানের মৃতদেহ ভাসতে দেখেন তিনি।
এরপর তিনি বাড়ির একটি জারুল গাছে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
রুমেনার স্বামী ফরিদের দাবি, রুমেনা মানসিকভাবে কিছুটা বিকারগ্রস্থ ছিলেন। রাতে তিনি ঘুমিয়ে পড়ার পর সন্তানদের পুকুরে ফেলে নিজেও আত্মহত্যা করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী সন্তানদের হত্যার পর রুমেনা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করলেও রুমেনার স্বজনদের দাবী, রুমেনা ও তার দুই সন্তানকে হত্যা করা হতে পারে।
এক সাথে মা ও দুই সন্তানের রহস্যজনক এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
ভিডিও : ভিডিও
আপনার মন্তব্য