নিজস্ব প্রতিবেদক

১৭ জুলাই, ২০১৬ ১৬:২৩

সংবিধান সংশোধন বিতর্ক, ফেসবুক স্ট্যাটাস, আইনজীবী সমিতির সভাপতির পদত্যাগ

সিলেট জেলা আইনজীবী সমিতির সংবিধান সংশোধন নিয়ে দ্বন্দ্বের জের ধরে সমিতির সভাপতি একেএম সামিউল আলমসহ একাধিক সদস্য পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

শুক্রবার আইনজীবী সমিতির সাধারণ সভায় সংবিধান সংশোধন নিয়ে বিতর্ক দেখা দেয়। এ নিয়ে শনিবার সামিউল আলমসহ কার্যনির্বাহী কমিটির একাধিক সদস্য পদত্যাগ করেন। আইনজীবী সমিতি সংশ্লিষ্ট একাধিক সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে।
তবে জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সামিউল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি পদত্যাগের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজী হননি।

জানা যায়, শনিবার সংবিধান সংশোধন নিয়ে সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা হয়। এতে সংগঠনের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার জন্য যথাক্রমে ত্রিশ ও বিশ বছর অনুশীলনের অভিজ্ঞতা থাকতে হবে বলে সংশোধনী প্রস্তাব আনা হয়। আগে বিশ বছর অনুশীলনের অভিজ্ঞতা থাকলেই এই দুই পদে প্রার্থী হওয়া যেতো।

এই পরিবর্তন নিয়ে আলোচনার সময় বিতর্কে জড়িয়ে পড়েন আইনজীবীদের দুটি পক্ষ। এসময় আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেক সরওয়ার আহমদ আবদাল বেশ উচ্চস্বরে কথা বলেন বলে জানান সভায় উপস্থিত একাধিক আইনজীবী।

তবে সভায় উপস্থিত সংখ্যাগরিষ্ঠদের মতামতের ভিত্তিতে সংশোধনী প্রস্তাব পাস হয়। সভা শেষে ওই রাতেই সরওয়ার আহমদ আবদাল নিজের ফেসবুকে আইনজীবী সমিতির সভাপতিকে উদ্দেশ্য করে একটি স্ট্যাটাস দেন। এতে ক্ষুব্দ হন সভাপতি সামিউল আলম। এর জের ধরে শনিবার তিনি পদত্যাগপত্র জমা দেন। সভাপতি ছাড়াও আইনজীবী সমিতির সহ সম্পাদক আহমদ ওবায়দুর রহমান ফাহমী, জয়নুল ইসলাম রুবেল ও সদস্য ওবায়দুর রহমান পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

এরপর কার্যনির্বাহী কমিটি সভা করে সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সরওয়ার আহমদ আবদালকেও শোকজ করা হয়।

রোববার সহ সভাপতি অশেষ করের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়  এডভোকেট আবদালকে কারণ দর্শানোর জন্য নোটিশ পাঠানো হয় এবং আগামী ৭ দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়।

এ ব্যাপারে সরওয়ার আহমদ আবদাল সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংবিধান সংশোধন নিয়ে দ্বিমত থাকতেই পারে। আমি আমার ভিন্নমতের কথা সভায় জানিয়েছি।

সভাপতির পদত্যাগের বিষয়ে তিনি বলেন, সংবিধান মতে সভাপতির পদত্যাগের কোনো সুযোগ আছে বলে আমার জানা নেই।

আপনার মন্তব্য

আলোচিত