বিশ্বনাথ প্রতিনিধি

১৮ জুলাই, ২০১৬ ১৯:৩০

বিশ্বনাথে ছিনতাইয়ের শিকার নারী, আটক দুই

সিলেটের বিশ্বনাথে দিনে দুপুরে এক নারীর টাকা ও স্বর্ণালংকার ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

নারীর চিৎকারে ছিনতাই শেষে যাবার পথে মোটরসাইকেলসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে জনতা। আটকের পর তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

সোমবার(১৮ জুলাই) উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের হোসেনপুর নামক স্থানে এ ঘটনাটি ঘটেছে। আটককৃত দুই ছিনতাইকারী সিলেট জেলার এসএমপি জালালবাদ থানার পীরপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে শাহজাহান(৩০) ও কালিরগাঁও গ্রামের আবদুল মতিনের ছেলে শাহ আলম(৩০)। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ছিনতাইকারীকে থানায় নিয়ে যান।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার দেওকলস ইউনিয়নের বগিরচক গ্রামের শাহিন আহমদের স্ত্রী করিমা বেগম (৩২) ও তার দেবর আল-হেরা শপিং সিটির ব্যবসায়ী শহিদ আহমদের কাছ থেকে নগদ এক লাখ টাকা নেন। টাকা নিয়ে বিশ্বনাথ নতুনবাজারের বাসীয়া সেতুর নিচ থেকে ব্যাটারী চালিত রিকশায় তিনি মীরপুর গ্রামে তার এক আত্মীয়ের বাড়িতে রওয়ানা হন। রিকশাটি হোসেনপুর নামকস্থানে গিয়ে পৌছা মাত্রই সিলেট-হ-১৩-৮৭৫২ নাম্বারের একটি মোটারসাইকেলে আটক দুই ছিনতাইকারী নারীর রিকশার গতিরোধ করে।

এসময় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে নারীকে জিম্মি করে ব্যাগসহ নগদ এক লাখ টাকা, ২টি মোবাইল ও এক ভরি ওজনের গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার সময় নারীর আর্তচিৎকারে স্থানীয় জনতা মোটরসাইকেলসহ ছিনতাইকারীদের হাতেনাতে আটক করে গণধোলাই দেন। পরে তারা ছিনতাইকারীদের পুলিশে সোপর্দ করেন। তবে টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করতে পারেনি পুলিশ।

ঘটনার সত্যতা স্বীকার করে থানার ওসি আব্দুল হাই বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

আপনার মন্তব্য

আলোচিত