নিজস্ব প্রতিবেদক

১৮ জুলাই, ২০১৬ ২৩:০৫

‘বোমা বানাতে গিয়ে’ উড়ে গেলো তর্জনি, চিকিৎসাধীন অবস্থায় কিশোর আটক

বাম হাতের আঙুল ক্ষতবিক্ষত অবস্থায় গত শনিবার সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি হয় মৌলভীবাজারের কমলগঞ্জের এক কিশোর। দুদিন এ হাসপাতালেরই একটি ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো সে। সোমবার দুপুরে নগর পুলিশের সহায়তায় মৌলভীবাজার জেলা পুলিশ তাকে আটক করে। রাতেই তাকে মৌলভীবাজার নিয়ে যায় পুলিশ।

আটক কিশোরের নাম রজব আলী (১৭)। সে কমলগঞ্জের ফুলবাড়ি চা বাগানের বাসিন্দা চাঁন মিয়ার ছেলে। চাঁন মিয়া এই বাগানেরই কর্মচারী।

পুলিশ জানায়, বোমা বানানোর সময় বিস্ফোরণে রজব আলীর বাম হাতের একটি আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছে। কি কারণে বোমা বানাচ্ছিলো এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে। কোনো জঙ্গিগোষ্ঠির সাথে রজব আলীর সংশ্লিষ্টতা ছিলো কী না এ ব্যাপারেও খোঁজ নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বাড়ির পাশে ককটেল জাতীয় বোমা বানাতে রজব আলীর বাম হাঁতের তর্জনীর উপরিভাগ উড়ে যায়। এরপর পরিবারের সদস্যরা গোপনে তাকে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে শনিবার সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেন। রজব আলী ব্রাহ্মণবাড়িয়ার দৌলতকান্দির একটি মাদ্রাসার ছাত্র বলে জানিয়েছেন স্থানীয়রা।

রোববার এ বিষয়টি জানাজানি হলে মৌলভীবাজার জেলা পুলিশ তৎপর হয়ে ওঠে। সোমবার তাকে আটক করে।

সোমবার রাতে ওসমানী হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের ৩ তলার ৯নং ওয়ার্ডে পুলিশি প্রহরায় রজব আলী চিকিৎসাধীন রয়েছে। পাশেই থাকা রজব আলীর বাবা চাঁন মিয়া বলেন, আমি চা বাগানের শ্রমিক। আমার ছেলে বাড়িতে গরু দেখাশোনা করে। খেলাচ্ছলে ছাতার ডাঁটির ভিতরে দিয়াশলাইয়ের বারুদ ভরতে গিয়ে বিস্ফোরণে সে গুরুতর আহত হয়, পরে খবর পেয়ে আমি আমার আরেক ছেলেকে সাথে নিয়ে তাকে সিলেট এনে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি।

আলাপকালে আহত রজব আলীও একই তথ্য জানায়। সে জানায়, শুক্রবার বিকেলে বাড়ির দরজার সামনে বসে ছাতার ডাঁটাতে দিয়াশলাইয়ের বারুদ ভরতে গেলে বিস্ফোরণে আমার বাম হাতের তর্জনী উড়ে যায়।

রজবের বাবা চাঁন মিয়া জানান, তিন ছেলে ও ২ মেয়ের মধ্যে রজব সবার ছোট। পড়াশোনার অনাগ্রহের কারণে সে কিছুদিন স্কুলে যাওয়ার পর স্কুল বাদ দিয়ে দেয়।

এ ব্যাপারে মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোল্লা মো. শাহীন বলেন, বিস্ফোরক দ্রব্য তৈরি করতে গিয়ে তার (রজব আলীর) আঙুলে আঘাত পেয়েছ বলে শুনেছি। তাকে আটক করা হয়েছে। রাতে (সোমবার) ওসমানী হাসপাতাল থেকে তাকে মৌলভীবাজার নিয়ে আসা হচ্ছে। কেনো বোমা বানাচ্ছিলো এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। জঙ্গিসংশ্লিষ্টতার ব্যাপারেও তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত