২০ জুলাই, ২০১৬ ০০:৫০
গুলশান ও শোলাকিয়ায় সাম্প্রতিক সময়ে জঙ্গি হামলার পর গণমাধ্যমে উঠে আসে মিথ্যা ও ভুল পরিচয় দিয়ে বাসা ভাড়া নিয়ে কার্যক্রম পরিচালনা করে জঙ্গিরা। ক্ষেত্রবিশেষে বাসা ভাড়া নিতে কোন তথ্যই প্রদান করে না তারা। অথচ বাড়ি ভাড়া দিতে ভাড়াটিয়ার তথ্য সংরক্ষণ ও সন্দেহজনক ভাড়াটিয়ার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার ব্যাপারে দীর্ঘদিন আগে থেকেই বাড়ির মালিকদের সতর্ক করছিলো আইনশৃঙ্খলা বাহিনী।
দেশের অন্যান্য স্থানের মতই সিলেট নগরীতেও বাড়ি ভাড়া প্রদানের ব্যাপারে সতর্ক থাকার নির্দেশনা রয়েছে। ভাড়াটির বিস্তারিত ঠিকানা, ছবি, ভোটার আইডি কার্ড সংরক্ষণের কথাও বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়ে আসছে।কিন্তু তা বেশিরভাগ ক্ষেত্রেই মানেন না বাড়িওয়ালারা। মঙ্গলবার এ ব্যাপারে আরো একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। এতে ভাড়াটিয়াদের যাবতীয় তথ্য নিকটবর্তী থানাকে অবহিত করতে বলে পুলিশ।
বাড়ি ভাড়া দেয়ার সময়ে তথ্য নেয়া হয়েছে কিনা, জানতে চাইলে নগরীর শাহপরান এলাকার বাড়িওয়ালা অ্যাডভোকেট অহিদুর রহমান চৌধুরী বলেন, “সরকার যখন থেকে বাড়ি ভাড়া দেয়ার ব্যাপারে তথ্য সংরক্ষণের নির্দেশনা প্রদান করেছে, তখন থেকেই আমি ভাড়াটিয়াদের পরিচয়পত্রের ফটোকপি বাসা ভাড়া দেয়ার সময় সংরক্ষণ করি”।
নগরীর খুলিয়াপাড়া এলাকার একটি বাসার তত্ত্বাবধানে থাকা ইমদাদ সর্দার জানান, ঝুঁকি এড়াতে চেনাশোনা বা পরিচিত মানুষ দেখেই আমরা বাসা ভাড়া দিয়ে থাকি। তবে কারো কোন তথ্য রাখা হয় না, তবে এখন থেকে রাখা উচিত বলেও ভাবছেন তিনি জানান।
একই বিষয়ে জানতে চাইলে নগরীর উত্তর বাগবাড়ি এলাকার একটি বাসার বাড়িওয়ালা উজ্জ্বল রায় জানান, আমি একটি ডায়েরিতে ভাড়াটিয়াদের সকল তথ্য, ছবিসহ লিপিবদ্ধ করে রাখি যাতে কোন সমস্যা হলে তা ব্যবহার করা যায়।
এদিকে বাসা ভাড়া নেয়ার সময় বাড়িওয়ালা বিস্তারিত তথ্য চান না বলে জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী আশীষ দাস। তিনি বলেন, “আমি বিগত দুই বছর ধরে রায়নগর এলাকার একটি বাসায় আছি, সে বাসার ৪টি মেসে মোট ৩০ জন শিক্ষার্থী থাকলেও তাদের কারোরই কোন তথ্য এখন পর্যন্ত চাননি বাড়ির মালিক।
মঙ্গলবার নগরীর সকল বাড়িওয়ালাদের উদ্দেশ্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সিলেট মহানগর পুলিশ। এতে উল্লেখ করা হয়-
* অপরিচিত ভাড়াটিয়ার ক্ষেত্রে নাম-ঠিকানা ও সঠিক পরিচয় যাচাই করুন। এক্ষেত্রে ভাড়াটিয়ার জাতীয় পরিচয়পত্রের অনুলিপি ও ভাড়াটিয়াদের ছবি সংরক্ষণ করুন।
* ভাড়াটিয়া আপনার পূর্বপরিচিত হলে তিনি কোন অপরাধমূলক কাজে সম্পৃক্ত কিনা তা নিশ্চিত হোন।
* ভাড়াটিয়ার গতিবিধি সন্দেহজনক হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় জানান।
* ভাড়া বাসায়, মেসে বা কলোনীতে সন্দেহজনক লোকজন বা অপরিচিত লোকজন ঘন-ঘন আসা যাওয়া করলে খোঁজখবর নিন এবং নিকটস্থ থানায় জানান।
* আপনার ভাড়া দেয়া বাসা-বাড়ি, কলোনী ও মেস এর ভাড়াটিয়াদের সম্পর্কে প্রাপ্ত তথ্যাদি নিকটস্থ থানায় অবহিত করুন।
* যে সকল ভাড়াটিয়াদের আসবাবপত্র ও মালামাল নেই তাদের ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করুন।
* উপরে বর্ণিত সতর্কতামূলক নির্দেশনা সমূহের ব্যত্যয়ে কোন অনাকাঙ্খিত ঘটনা সংগঠিত হলে সন্ত্রাসী/জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি প্রচলিত আইনে বাড়ির মালিক/তত্ত্বাবধায়কদেরও দায়ী করা হবে।
* নিজে নিরাপদ থাকুন এবং আপনার এলাকার নিরাপত্তায় ভূমিকা রাখুন।
আপনার মন্তব্য