২০ জুলাই, ২০১৬ ২১:২৯
জঙ্গিবাদে প্ররোচিত করার অভিযোগে সম্প্রতি বিতর্কিত ইসলামী বক্তা ডা. জাকির নায়েকের 'পিস টিভি' বন্ধ করা হয়েছে। তবে সিলেট নগরীতে অবাধে বিক্রি হচ্ছে তাঁর বক্তব্য সম্বলিত সিডি-ভিসিডি। বিভিন্ন লাইব্রেরিতে বিক্রি হচ্ছে জাকির নায়েকের লেখা বইও।
সরকার পিস টিভি বন্ধ করার পর এসব সিডি ও বইয়ের বিক্রি আগের থেকে বেড়ে গেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। টিভি বন্ধ করা হলেও সিডি-বই বিক্রিতে কোনো নিষেধাজ্ঞা নেই বলে দাবি তাদের।
গত ১ জুলাই গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় হামলাকারী একাধিক জঙ্গি ফেসবুকে জাকির নায়েকের বক্তব্যের ভিডিও শেয়ার করেছিলো। এরপর বাংলাদেশ ও ভারতে জাকির নায়েকের বিরুদ্ধে জঙ্গিবাদে উৎসাহ প্রদানের অভিযোগ ওঠে। এমন অভিযোগে গত ১১ জুলাই এক আদেশে দেশে পিস টিভির সম্প্রচার বন্ধ ঘোষণা করে সরকার। এর আগের দিন আইন-শৃঙ্খলা সম্পর্কিত মন্ত্রীসভা কমিটির বৈঠকে পিস টিভি বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়।
এরপর ইউটিউব থেকেও জাকির নায়েকের সকল বক্তব্য সরিয়ে নেওয়ার কথা জানায় সরকার। তবে তাঁর সিডি-ভিসিডি বা বইয়ের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানা গেছে।
পিস টিভি বন্ধ হলেও জাকির নায়েকের বক্তব্য এখনো পাওয়া যাচ্ছে অন্যান্য মাধ্যমে। সিলেট নগরীতে প্রকাশ্যেই বই এবং সিডি-ভিসিডি আকারে বিক্রি হচ্ছে এই বিতর্কিত বক্তার বই ও বক্তব্য।
বুধবার (২০ জুলাই) সিলেটের কয়েকটি বই ও সিডি-ভিসিডির দোকান ঘুরে দেখা গেছে, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে জাকির নায়েকের লেখা বই ও তাঁর বক্তব্যের সিডি-ভিসিডি। একাধিক ক্রেতাকে এসময় জাকির নায়েকের সিডি ভিসিডি কিনতেও দেখা যায়।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক নগরীর জিন্দাবাজারের রাজা ম্যানশনের একটি বইয়ের দোকানের বিক্রেতা জানান, সরকার টিভি চ্যানেল সম্প্রচার বন্ধ করলেও বইয়ের ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেয়নি। তাই আমরা আগের মতোই জাকির নায়েকের বই বিক্রি করছি।
নগরীর বন্দরবাজার এলাকায় ফুটপাতের সিডি-ভিসিডি দোকানে গিয়ে দেখা যায়, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে জাকির নায়েকের বক্তব্যের সিডি-ভিসিডি। ফুটপাতের বিক্রেতারা নাম প্রকাশ না করার শর্তে জানান, পিস টিভি বন্ধের পরপরই বেড়ে গেছে জাকির নায়েকের বক্তব্য ও প্রশ্নোত্তরের সিডি-ভিসিডির বিক্রি। আগের চেয়ে অনেক বেশি ক্রেতা এখন এসব সিডি-ভিসিডি কিনতে আসেন।
নগরীর করিমউল্লাহ মার্কেট, কুদরতউল্লাহ মার্কেটে গিয়েও জাকির নায়েকের সিডি ভিসিডি ও বই বিক্রি হতে দেখা যায়।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) রহমতউল্লাহ বলেন, জাকির নায়েকের সিডি-ভিসিডি বা বইয়ের ব্যাপারে কোনো নির্দেশনা আমরা পাইনি।
আপনার মন্তব্য