সিলেটটুডে ডেস্ক

২৩ মার্চ, ২০১৫ ০০:৫২

সিলেটে ইসলামিক ফাউন্ডেশনের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটে ইসলামিক ফাউন্ডেশনের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ সিলেট বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে রোববার বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির মধ্যে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং বিটিভি’র মাধ্যমে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান সরাসরি সম্প্রচার ও প্রদর্শন করা।

ইসলামিক ফাউন্ডেশন প্রাঙ্গণে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম বলেন, ইসলামের সুমহান বাণীর  প্রচারনাকে সমুন্নত রাখতে ইমামদের প্রশিক্ষণ প্রদানসহ বিভিন্ন কাজে অবদান রাখতে বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। অতীতে বিভিন্ন সময় ষড়যন্ত্র করে ফাউন্ডেশনের কার্যক্রম নষ্ট করার পায়তারা করা হয়। বর্তমানে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সরকার ও আলেম-উলামাদের প্রচেষ্ঠায় ইসলাম প্রচারের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।

ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সহকারী পরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আরো বলেন, দেশের এই অবস্থায় ষড়যন্ত্রকারীরা শিক্ষার্থীদের হাতে বোমা তুলে দিয়ে মানুষ মারার প্রশিক্ষণ দিচ্ছে। এই সকল অপকর্মের বিরুদ্ধে আলেম উলামাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। কোরআন সুনাœহ মোতাবেক দেশকে এগিয়ে নিতে আমাদেরকে আধুনিক চিন্তা চেতনায় মনোনিবেশ করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, সিলেট জজ কোর্টের বিভাগীয় স্পেশাল পিপি এডভোকেট শাহ মো. মোসাহিদ আলী ও  সিলেটের সিনিয়র এএসপি ফারুক আহমদ। বক্তব্য রাখেন মুহাম্মদিয়া ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সৈয়দ কুতবুল আলম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মসজিদভিক্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক ক্বারী শফিকুর রহমান। র‌্যালী, আলোচনা, মিলাদ ও দোয়া এবং বিটিভি’র মাধ্যমে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান সরাসরি সম্প্রচার ও প্রদর্শন অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহস্রাধিক শিশু শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও আলেম উলামা উপস্থিত ছিলেন।


 

আপনার মন্তব্য

আলোচিত