২১ জুলাই, ২০১৬ ২১:১২
ফাইল ছবি
সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপুর কারামুক্তিতে সংবর্ধনা দিতে কারাফটকে জড়ো হয়েছিলেন শতাধিক নেতাকর্মী। হাতে ফুল নিয়ে, মোটর সাইকেলের হর্ণ বাজিয়ে নেতার মুক্তির অপেক্ষায় ছিলেন তারা। নিপু মুক্তি পেয়েছেন ঠিকই। কিন্তু সংবধর্না আর দেয়া হয়নি তাকে।
তার আগেই ঘটে যায় তুলকালাম কান্ড। নিপুর মুক্তিতে বিলম্ব হওয়ায় ছাত্রলীগ নেতাকর্মীরা চড়াও চালায় কারারক্ষীদের উপর। ফটক ডিঙ্গিয়ে ঢুকে পড়ে কারাগারের সীমানার ভেতরে। এসময় কারারক্ষীরা বাঁধা দিলে বেঁধে যায় সংঘর্ষে। এই সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। ভাংচুর করা হয়েছে অর্ধশতাধিক মোটর সাইকেল।
বৃহস্পতিবার বিকেল ৫ টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ৬ টার দিকে কারারক্ষীদের প্রতিরোধের মুখে নিজেদের মোটর সাইকেলগুলো ফেলেই কারাফটক থেকে চলে যান ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে পরিস্থিতি শান্ত হলে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কারাগার থেকে মুক্তি পান নিপু।
এসময় কারাফটকে সাংবাদিকরা উপস্থিত থাকলেও অনেকটা চুপিসারেই কারাগার এলাকা ছেড়ে চলে যান এই ছাত্রলীগ নেতা।
গত ১৫ মে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপুকে গ্রেফতার করে পুলিশ। সিলেট নগরীর কোর্ট পয়েন্টে সিপিবি-বাসদের জনসভায় হামলা মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়। বৃহস্পতিবার এই মামলায় তিনি জামিনে মুক্তি লাভ করেন।
আপনার মন্তব্য