২১ জুলাই, ২০১৬ ২৩:১৩
জেল আক্রমণ করে আসামীকে ছিনিয়ে নিতে চেয়েছিলো নিপুর অনুসারীরা। এমনটি জানিয়েছেন সিলেটের ডিআইজি (প্রিজন) মো. তৌহিদুল ইসলাম।
বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপুর মুক্তিকে কেন্দ্র করে কারারক্ষী ও নিপু অনুসারী ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। বৃহস্পতিবার বিকেলে নিপুর মুক্তি প্রক্রিয়া সম্পন্নে বিলম্ব হওয়ায় ছাত্রলীগ নেতাকর্মীরা কারাফটকে গিয়ে হট্টগোল করে ও কারারক্ষীদের উপর হামলা চালায়। এসময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় তারা।
এরপর কারারক্ষীরা একত্রিত হয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের উপর হামলা চালায়। এসময় কারাগারের সামনের রাস্তায় রাখা ছাত্রলীগ নেতাদের অর্ধশতাধিক মোটরসাইকেল ভাংচুর করে কারারক্ষীরা। সাংবাদিকদের উপরও হামলা চালায় তারা।
ছাত্রলীগের হামলা ঠেকাতে গিয়ে কারারক্ষীদের এই আগ্রাসী ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠেছে। তবে ডিআইজি (প্রিজন) মো. তৌহিদুল ইসলাম বলেছেন, সিলেট কারাগারে এখন আব্দুল হান্নানসহ বেশক'জন শীর্ষ জঙ্গি রয়েছে। এছাড়া সারাদেশের কারাগারগুলোতেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ অবস্থায় কেউ কারাগারে হামলা করলে তাদের প্রতিহত করতে গুলি করারও নির্দেশনা রয়েছে কারারক্ষীদের উপর।
তিনি বলেন, নিপুর সমর্থকরা উত্তেজিত হয়ে কারারক্ষীদের সাথে ধস্তাধস্তি শুরু করেন, এমনকি জেলের মূল গেট আক্রমণের চেষ্টা করেন। তারা এমনও বলছিলো- প্রয়োজনে জোর করে নিয়ে যাবো। তারা আমাদের অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। এরপর তারা জেলের অন্যপাশে পুলিশের ব্যারাকের কাছে ককটেল হামলা করে, যাতে আমাদের ১৫ থেকে ২০ জন সিপাহী আহত হন।
ডিআইজি বলেন, আমরা এখন এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। আপনারা জানেন, মুফতি হান্নানসহ অনেক জেএমবি সদস্য আমাদের কারাগারে আটক আছে এবং সরকারের রেড এলার্ট চলছে। কারাগার একটি সর্বোচ্চ নিরাপদ জায়গা এবং একজন জামিন পেলে তাকে নিতে এতো লোক আসা একেবারেই অনুচিত। আমাদের কারাগারের গেটের ভিতর কারো প্রবেশ করাই উচিত না। সমর্থকরা রাস্তায় থাকবে, কিন্তু তারা আমাদের মূল ফটক পর্যন্ত চলে এসেছে। আমাদের সদস্যদের আহত করা এবং অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করা খুবই দুঃখজনক ও বেআইনি কাজ।”
এই সংঘর্ষের ঘটনার পর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে হিরণ মাহমুদ নিপু জেল থেকে মুক্তি পান।
এ ব্যাপারে নিপুর সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি।
আপনার মন্তব্য