২৩ জুলাই, ২০১৬ ১৭:৪৯
সিলেট নগরীর মানিকপীর রোডস্থ লায়ন্স শিশু হাসপাতালে বেবি রেসপিরেশনসহ ৫টি যন্ত্র সংযোজন হয়েছে। এখন থেকে শিশু স্বাস্থ্য সেবায় যন্ত্রগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
শিশুর নিঃশ্বাস আছে কি না তার জানান দেবে বেবি রেসপিরেশন বা এ্যাপনিয়া মনিটর। আর এই সুযোগটি করে দিয়েছেন ব্রিটিশ মেডিকেল ডোনার বদরুল আমিন। সিলেটের এই প্রবাসী এর আগেও লায়ন্স শিশু হাসপাতাল ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্থানে মেডিকেল সামগ্রী প্রদান করেন।
শনিবার(২৩ জুলাই) হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে তিনি মেডিকেল সামগ্রী ক্লাবের প্রেসিডেন্ট প্রফেসর ডা. এম. এ গাফফার ও হাসপাতালের চেয়ারম্যান ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহারসহ সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি নজরুল ইসলাম।
প্রদানকৃত মেডিকেল সামগ্রীর মধ্যে বেবি রেসপিরেশন ছাড়াও রয়েছে স্ক্রেনিং অডিওমেটার, নেবুলাইজার, ফেটাল ডপলার ও লেরিগোস্কোপি। এসময় অতিথি ও কর্তৃপক্ষের মধ্যে উপস্থিত ছিলেন, রুহুল আমিন, লায়ন জহির বখত, ট্রেজারার জুবায়ের আহমদ চৌধুরী প্রমুখ।
মেডিকেল সামগ্রী প্রদানকালে ডোনার বদরুল আমিন বলেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করে সারা দেশের বিভিন্ন হাসপাতালে মেডিকেল সামগ্রী প্রদান করছি। বিশেষ করে সিলেটের লায়ন্স শিশু হাসপাতালে প্রদান করা সামগ্রী শিশুর সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মন্তব্য