২৪ জুলাই, ২০১৬ ১১:৪৮
সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজিতে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা কুমিল্লা ট্রান্সপোর্টের বাসের চাপায় সিএনজি অটোরিকশা চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল সাড়ে নয়টার দিকে এই দুর্ঘটনায় দুইজন মারা গেছে"
এই ঘটনার প্রত্যক্ষদর্শী সৌরভ পাল সুমিত সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান , সকাল সাড়ে নয়টার দিকে সিলেট সুনামগঞ্জ থেকে সিলেট অভিমুখী কুমিল্লা ট্রান্সপোর্ট বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিক্সার সংঘর্ষ ঘটে। এতে সিএনজি অটোটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজি চালক নিহত হন। গুরুতর আহত হন শিশুসহ দুই যাত্রী। এদের মধ্যে শিশুটি হাসপাতালে নেয়ার পথে মারা গেছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে নেয়া হয়েছে বলে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান তবে তাৎক্ষনিকভাবে হতাহতের পরিচয় জানাতে পারেননি তিনি।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বাসের চালককে আটক করেছে । দুর্ঘটনার পর সড়কের দুপাশে দীর্ঘ যানজট লেগে গেলে প্রায় ঘন্টাখানেক বন্ধ থাকে যান চলাচল।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত যানবাহন উদ্ধার করেছে।
আপনার মন্তব্য