সুনামগঞ্জ প্রতিনিধি

২৪ জুলাই, ২০১৬ ২২:১১

সুনামগঞ্জে বন্যার পানিতে তলিয়ে নিখোঁজ ৪

সুনামগঞ্জে স্রোতের কবলে পড়ে পৌরশহরে এক কিশোর, ছাতকে আপন দুই চাচাত ভাই ও ধর্মপাশায় এক জেলেসহ মোট চারজন নিখোঁজ হয়েছেন।

পুলিশ জানায়,ছাতক উপজেলার বোয়াল গাঁও গ্রামে বিকেল সাড়ে চারটার দিকে আপন চাচাত ভাই তৌহিদুজ্জামান ও হামিদুজ্জামান বাড়ির সামনের সড়কে পানির স্রোতে ভেসে যান। প্রথমে তৌহিদুজ্জামানকে বাড়ির সামনের রাস্তায় স্রোতের পানিতে ভেসে যেতে দেখে হামিদুজ্জামান তাকে উদ্ধার করতে গেলে স্রোতের কবলে পড়ে দুজনই নিখোঁজ হন। পুলিশ ও এলাকাবাসী তাদের উদ্ধারের জন্য কাজ করছেন।

এদিকে সুনামগঞ্জ পৌর শহরের নবীনগর এলাকায় সকাল ১০টার দিকে সুরমা নদীর স্রোতে তীর ভেঙে গিয়ে ওই এলাকার আলমাস আলীর ছেলে শরবত আলী (১৪) পানিতে ডুবে নিখোঁজ হন। ধারারগাও এলাকায় বন্যায় কালভার্ট ভেঙ্গে যাওয়ায় কলাগাছের ভেলায় চড়ে কিশোরটি তার ভাইসহ পারাপার হওয়ার সময় প্রবল স্রোতে ঐ কালভার্টটির পানিতে তলিয়ে যায়। তার সাথের ছেলেটি সাঁতরে তীরে উঠলেও শরবত আলীকে আর খুঁজে পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের একটি দল সকাল থেকেই শিশুটিকে উদ্ধারে কাজ চালাচ্ছে।

একই ভাবে ধর্মপাশা উপজেলার বারাম হাওরে মাছ ধরতে গিয়ে লনি দাস নামের আরেক জেলে নিখোঁজ রয়েছেন।

বিকেল সাড়ে ৫টার দিকে সুরমা নদীতে একটি বালু ভর্তি কার্গো ডুবে যায়। এই কার্গোতে থাকা চার শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

আপনার মন্তব্য

আলোচিত