নিজস্ব প্রতিবেদক

২৩ মার্চ, ২০১৫ ২০:২৪

মামলাজট কমাতে বিচারকদের আন্তরিক হতে হবে : সিলেটে প্রধান বিচারপতি

প্রধান বিচারপ্রতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা বলেছেন, দেশের সব আদালতে মামলার জট লেগে আছে। কয়েক লক্ষ মামলা পড়ে আছে নিষ্পত্তির অপেক্ষায়। এগুলো দ্রুত নিস্পত্তি করতে হলে বিচারকদের আন্তরিক হতে হবে। নতুবা মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতা দেখা দেবে। এতে করে আদালতে এসেও ন্যায় বিচার বঞ্চিত হবে মানুষ।

সোমবার (২৩ মার্চ) বিকেলে সিলেট জেলা বারের পক্ষ থেকে প্রদত্ত সংবর্ধণার জবাবে একথাগুলো বলেন এসকে সিনহা। প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়।

জেলা বারের সভাপতি এ কে এম সমিউল আলমের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান বিচারপতি আরো বলেন, অনেক বিচারক বছরের অধিকাংশ সময় ছুটিতে থাকেন। দুপুর বেলা খাবারের জন্য গেলে আর আসেন না। এজন্য তিনি বিকেলে কোর্ট করার জন্য বিচারকদের প্রতি আহবান জানান তিনি।

পরে বারের পক্ষ থেকে তাকে স্বর্ণের মেডেল উপহার দেয়া হয়। এরআগে প্রধান বিচারপতি সিলেট কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন। এসময় তিনি কারাবন্দিদের সাথে কথা বলেন। এসময় জেলা প্রশাসক শহিদুল ইসলামসহ কারাকর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিলেট জেলার সিনিয়র জেলা সুপার মো. কামাল হোসেন বলেন, ‘প্রধান বিচারপতি কারাগার পরিদর্শনের সময় বন্দিদের সাথে নানা বিষয় নিয়ে কথা বলেন। তিনি কারাগারে রান্না ঘর, মহিলা ওয়ার্ড, একটি হাজতি ওয়ার্ড পরিদর্শন করেন। কারাবন্দিরা প্রধান বিচারপতির কাছে কারাগারে সমস্যা নিয়ে খোলামেলা কথা বলেন।

এ সময় প্রধান বিচারপতি ধৈর্য্যসহকারে তাদের কথা শুনেন এবং সিলেট কেন্দ্রীয় কারাগারে যেসব সমস্যা রয়েছে তা নিয়ে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পুলিশের আইজিপির সাথে কথা বলবেন বলে জানিয়েছেন। 

আপনার মন্তব্য

আলোচিত