২৭ জুলাই, ২০১৬ ১৩:১৪
রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় নিহত নয় জনের মধ্যে যে তিনজনের পরিচয় পাওয়া গেছে তাদের দু'জনই শিবির কর্মী বলে জানা গেছে। এদের একজন নোয়াখালীর যোবায়ের হোসেন শিবির কর্মী বলে জনিয়েছে তার পরিবার। পরিচয় পাওয়া আরেকজন সাব্বিরুল হকও ইসলামি ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিল বলে তার বাবা জানিয়েছেন।
জানা যায়, যোবায়ের হোসেন গত ২৫ মে থেকে নিখোঁজ হয়। আর ১২ জুলাই তার বিষয়ে সুধারাম থানায় সাধারণ ডায়েরি করেন বাবা আবদুল কাইয়ুম।
যোবায়েরের বাড়ি নোয়াখালীর পশ্চিম মাইজদি গ্রামে। স্থানীয়ভাবে সবাই তাকে শিবির কর্মী হিসেবেই চিনত। নোয়াখালী কলেজে রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষে পড়তেন যোবায়ের।
তার বাবা আবদুল কাইয়ুম বলেন, ‘আমার পরিবারের কেউ জামায়াত-শিবিরের সঙ্গে জড়িত না। কিন্তু চাচাতো ভাই বাহাদুর আমার ছেলেটিকে শিবিরে ঢুকিয়েছে, তার জন্যই আজ এই পরিণতি হলো।’ বাহাদুর এখন কোথায় আছে, সে বিষয়ে কিছু বলতে পারেননি যোবায়েরের বাবা।
আবদুল কাইয়ুম জানান, ছেলে নিখোঁজের বিষয়ে থানায় আনুষ্ঠানিকভাবে জানালেও পুলিশ তার বিষয়ে কোনও খোঁ দিতে পারেনি।
জানতে চাইলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, ‘কল্যাণপুরে নিহত জঙ্গিদের ছবি দেখে তার মা-বাবা অনেকটাই নিশ্চিত হয়েছেন এদের মধ্যে তার ছেলে যোবায়ের আছে। পুরোপুরি নিশ্চিত হতে তারা ঢাকায় যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন।’
এক প্রশ্নের জবাবে এই পুলিশ কর্মকর্তা জানান, যোবায়েরের বিরুদ্ধে এর আগে নাশকতার কোনও অভিযোগ ছিল না তাদের থানায়। বলেন, সাধারণ ডায়েরি করার পর তার বিষয়ে অনুসন্ধান শুরু হয়েছিল।
পরিচয় পাওয়া অপর জঙ্গি সাব্বিরুল হক চট্টগ্রামের জামায়াতে ইসলামির অর্থায়নে পরিচালিত্ন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির ছাত্র। সাব্বির আগে ইসলামি ছাত্র শিবিরের রাজনীতির সাথেও জড়িত ছিল বলে জানিয়েছেন তার বাবা আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুল হক চৌধুরী
কল্যাণপুরের ওই বাড়ি থেকে আহত অবস্থায় আটক হয় রাকিবুল হাসান হাসান ওরফে রিগ্যান নামে এক তরুণ। তার বাড়ি বগুড়ায়। এক বছর আগে শিবির নিয়ন্ত্রিত মেডিকেল কোচিং সেন্টার রেটিনায় ভর্তি হওয়ার পর নিখোঁজ হন তিনি।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার ইউসুফ আলী বলেন, ‘নিহত জঙ্গিদের কারও বিষয়ে পরিচয় পাওয়া গেছে, এটা কেউ এখনও আমাদেরকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তবে নানা সূত্র থেকে বিভিন্ন তথ্য পাচ্ছি। এগুলো যাচাই করা হচ্ছে।’
সোমবার(২৫ জুলাই) দিবাগত রাত থেকেই এই অভিযানের খবর পাওয়া যায় তবে পুলিশ জানিয়েছে মঙ্গলবার ভোরে এই অভিযান চালায় পুলিশ-র্যাব-ডিবি-সোয়াটের যৌথ দল। এতে নিহত হয় ৯ জঙ্গি । তাদের আস্তানা থেকে আইএসের কালো পাতাকা, অসংখ্য জিহাদী বই দেশি বিদেশী অস্ত্র উদ্ধার করা হয়। আহত অবস্থায় আটক করা হয় রাকিবুল হাসান রিগ্যান নামের অপর এক জঙ্গি সদস্যকে।
আপনার মন্তব্য