২৭ জুলাই, ২০১৬ ১৯:২৯
সিলেটের বিয়ানীবাজার উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ বিয়ানীবাজার সরকারি কলেজে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কলেজ ইউনিটের ব্যানারে দেশব্যাপী সাম্প্রতিক সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ছাত্র-শিক্ষকদের উপস্থিতিতে বিশাল মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
বুধবার (২৭ জুলাই) সকাল ১১ ঘটিকার সময় কলেজ ক্যাম্পাসে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথের নেতৃত্বে শিক্ষকবৃন্দ সহ মানববন্ধন কর্মসূচীতে সকল বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিল।
মানববন্ধন কর্মসূচী চলাকালে প্রধান অতিথির বক্তব্যে দ্বারকেশ চন্দ্রনাথ বলেন, জঙ্গিগোষ্ঠী শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে মগজ ধোলাই করে তাদের উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার করছে। জঙ্গিবাদ দেশের অগ্রযাত্রাতে বাধা সৃষ্টি করছে। মানুষ হত্যা করে, সমাজের সুশৃঙ্খলা বিনষ্ট করে আর যাই হোক শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সেজন্য সকল শ্রেণি পেশার মানুষকে ঐক্যবদ্ধ ভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে হবে।
বক্তব্যে তিনি সন্ত্রাস ও জঙ্গিবাদকে একটি জাতীয় সমস্যা তুলে ধরে এর সমাধানে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসার জন্য আহবান জানান।
আপনার মন্তব্য