কুলাউড়া প্রতিনিধি

২৮ জুলাই, ২০১৬ ২০:০৫

হাকালুকিতে অবৈধভাবে মাছ শিকারের দায়ে এক জেলের কারাদণ্ড

হাকালুকি হাওরে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে অবৈধভাবে মাছ শিকারের দায়ে রক্কু মিয়া(৩৫) নামে এক জেলেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডাদেশ প্রাপ্ত রক্কু কুলাউড়া উপজেলার ভুকশিমইলের সাদিপুর গ্রামের বদর উদ্দিনের ছেলে।

জানা যায়, মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত হাকালুকি হাওরের চকিয়া, নাগুয়া, হাওয়াবর্নী ফুট, গৌড়কুড়ী ও কাংলি বিলে অভিযান পরিচালনা করা হয়।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগমের নেতৃত্বে উপজেলা মৎস্য অফিসার মো. সুলতান মাহমুদ ও কুলাউড়া থানার এসআই বাশারসহ পুলিশের একটি দল অভিযানে অংশ নেন। এসময় হাওরে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে অবৈধভাবে মাছ শিকারের দায়ে রক্কু মিয়াকে আটক করা হয়।

পরে বিকেল ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রক্কু মিয়াকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহসিনা বেগম।

কুলাউড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সুলতান মাহমুদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত