০১ আগস্ট, ২০১৬ ১৪:০৬
বিদেশ পালিয়ে যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জঙ্গি সন্দেহে মাহবুব ইকবাল মুন্না নামের সিলেট নগরীর বেসরকারি লিডিং বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রকে আটক করা হয়েছে। ২০১১ সালে তাকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের লিফলেট বিতরণকালে আটক করা হয়েছিল। পরে সে জামিনে মুক্তি পায়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) রহমতুল্লাহ সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকায় ইমিগ্রেশনে একজনকে আটক করা হয়েছে, তার পুরো নাম এই মুহুর্তে বলতে পারছি না।"
তিনি বলেন, "হিযবুত তাহরীরের সাথে যুক্ত থাকার অভিযোগে তার বিরুদ্ধে মামলা আছে তাই তাকে সিলেট আনা হবে।"
জানা যায়, আটক মুন্না সিলেট নগরীর খাসদবীর বন্ধন আবাসিক এলাকার এফ-১ নম্বর বাসার মৃত আবদুল বাছিরের ছেলে। সে লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের ৩য় বর্ষের ছাত্র।
এর আগেও একই অভিযোগে লিডিং ইউনিভার্সিটির এক ছাত্রকে আটক করা হয়েছিল।
এ ব্যাপারে লিডিং ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেইন সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে, "এমন কোন তথ্য আমাদের কাছে এখনো নেই, খোঁজ নিয়ে দেখব।"
আপনার মন্তব্য