হবিগঞ্জ প্রতিনিধি

০২ আগস্ট, ২০১৬ ১৬:২৩

হবিগঞ্জে শিশু নির্যাতনকারীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

হবিগঞ্জ শহরে তিন শিশু নির্যাতন ঘটনার মূল অভিযুক্ত শাহ আলমকে জেল গেটে জিঞ্জাসাবাদের নির্দেশ দিয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওছার আলম। মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে এই নির্দেশ দেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযুক্ত শাহ আলমকে ৭ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেন। শুনানি শেষে বিচারক জেলে গেটে একদিন জিঞ্জাসাবাদের নির্দেশ দেন।

উল্লেখ্য, বুধবার (২৭ জুলাই) সকালে হবিগঞ্জ শহরের খাদ্য গুদাম এলাকায় একটি মোবাইল চুরির ঘটনায় অভিযুক্ত শাহ আলম শিশু রনি (১২), মাহিন(১০) ও রুবেল (১৩) কে বাসায় ডেকে নিয়ে হাত পা বেধে বেধড়ক মারপিট করেন।

পরে শাহআলম তিন শিশুকে হবিগঞ্জ থানায় সোপর্দ করেন। ওসি নাজিম উদ্দিন ৩ শিশুর অভিভাবকদের ডেকে এনে তাদের জিম্মায় দেন।

এদিকে শিশুদের অভিভাবকরা মৌখিকভাবে শিশু নির্যাতনের অভিযোগ দিলেও আমলে নেননি ওসি নাজিম উদ্দিন। মোবাইলে ধারন করা নির্যাতনের ভিডিও দেশের কয়েকটি গণমাধ্যমে প্রচার হয়। একই সাথে ফেসবুকে প্রকাশ হলে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। টনক নড়ে স্থানীয় পুলিশ কর্মকর্তার ।

ওই দিন রাতেই শাহ আলমসহ ৪ জনকে আটক করে পুলিশ। নির্যাতিত শিশু রুবেলের মা রেজিয়া আক্তার বাদি হয়ে শাহ আলমসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেন হবিগঞ্জ থানায়।

কর্তব্য কাজে গাফিলতির দায়ে এসআই রাজকুমারকে ক্লোজ ও হবিগঞ্জ থানার ওসি নাজিম উদ্দিনকে শায়েস্তাগঞ্জ থানায় বদলির নির্দেশ দেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র।

আপনার মন্তব্য

আলোচিত