বড়লেখা প্রতিনিধি

০৩ আগস্ট, ২০১৬ ১৯:০০

বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন অ্যাম্বুলেন্স হস্তান্তর

বুধবার (৩ আগস্ট) মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দ নতুন অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি বলেন, দরিদ্র নাগরিকদের সেবা ও চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন। চিকিৎসাকে একটি ‘মহৎ পেশা’ অভিহিত করে তিনি চিকিৎসকদের উদ্দেশ্যে বলেছেন, কী পেলাম, আর কী পেলাম না তা চিন্তা না করে, মানুষকে কতটুকু দিতে পারলাম, সেটাই বড় ব্যাপার।

বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে আলোচনাসভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন সত্যকাম চক্রবর্তী। সাংবাদিক লিটন শরীফের সঞ্চালনায় বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমদ হোসেন।

উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, থানা অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস প্রমুখ।

উল্লেখ্য, বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরোনো অ্যাম্বুলেন্সটি নষ্ট হয়ে গেছে। যে কারণে অনেকদিন কমপ্লেক্সে কোন অ্যাম্বুলেন্স ছিল না। তারই প্রেক্ষিতে নতুন অ্যাম্বুলেন্স বরাদ্দ হয় স্বাস্থ্য কমপ্লেক্সে।

আপনার মন্তব্য

আলোচিত