হবিগঞ্জ প্রতিনিধি

০৪ আগস্ট, ২০১৬ ২২:৩১

পরিবেশ ও জীববৈচিত্র রক্ষা করতে হলে রামপাল অন্যত্র সরাতেই হবে

হবিগঞ্জে বাপা ও খোয়াই রিভার ওয়াটারকিপার’র নাগরিকবন্ধন ও পথসভায় বক্তারা

সুন্দরবন ধ্বংস করে রামপাল কয়লাভিত্তিক  বিদ্যুতকেন্দ্র বাতিলের দাবিতে বাংলাদেশ  পরিবেশ আন্দোলন (বাপা) ও খোয়াই রিভার ওয়াটারকিপার নাগরিকবন্ধন ও পথসভা করেছে।

বৃহস্পতিবার বিকাল ৪ টায় হবিগঞ্জ শহরস্থ এম সাইফুর রহমান টাউন হল প্রাঙ্গণে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও খোয়াই রিভার ওয়াটারকিপার  নাগরিকবন্ধন ও পথসভার আয়োজন করে।

পথসভায় বক্তারা বলেন, সুন্দরবন ধ্বংস করে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বাংলাদেশ ও ভারত সরকারের অনমনীয় ও অযৌক্তিক অবস্থান উভয় দেশের সচেতন মানুষের নিকট গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। হাজার বছর ধরে আমাদের যে অনন্য সুন্দরবন গড়ে উঠেছে, তাকে ঘিরে পরিবেশ ও জৈববৈচিত্র বিধ্বংসী সকল কর্মকাণ্ড রুখে দেওয়া আজ অবশ্য কর্তব্য হয়ে দাঁড়িয়েছে।

সুন্দরবনের খুব কাছাকাছি কয়লাভিত্তিক এ বিদ্যুৎকেন্দ্র নির্মিত হলে তা থেকে নির্গত বিষাক্ত গ্যাস ও রাসায়নিক বর্জ্য নিশ্চিতভাবেই বনের সকল গাছপালা, তৃণলতা, পশু-পাখি, জলজ প্রাণীসহ আশপাশের লোকালয়ে বসবাস করা মানুষজনের জীবনের জন্যও মারাত্মক হয়ে উঠবে। তাই রামপালে কয়লাভিত্তিক এ প্রকল্প বাতিল করে অন্যত্র স্থানান্তর করতে হবে।

বাপা হবিগঞ্জ শাখার সভাপতি অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় ধারণাপত্র পাঠ করেন খোয়াই রিভার ওয়াটারকিপার ও বাপা জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল।

ধারণাপত্রে তোফাজ্জল সোহেল বলেন (১) অবিলম্বে সম্পাদিত রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্রের অবকাঠামোগত উন্নয়ন চুক্তি বাতিল করতে হবে। (২) রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র অবিলম্বে বন্ধ ও নিরাপদ দূরত্বে স্থানান্তর করতে হবে। (৩) সুন্দরবনের পাশে প্রস্তাবিত ওরিয়নসহ অন্যান্য সুন্দরবনের জন্য ক্ষতিকর সকল অবকাঠামো ও কার্যক্রম বন্ধ করতে হবে। (৪) সুন্দরবন রক্ষায় বিজ্ঞান সম্মত সার্বিক পরিকল্পনা প্রণয়ন ও তার বাস্তবায়নের দাবী জানান। পথসভায় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ব্যবসায়ী কল্যাণ সমিতি ব্যকস-এর সাবেক সভাপতি আলাউদ্দিন আহমেদ, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস-এর সম্পাদক ফজলুর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড পীযূষ চক্রবর্তী, জেলা বাসদ সমন্বয়ক কমরেড এডভোকেট জুনায়েদ আহমেদ, জেলা উদীচীর সহ-সভাপতি মুজিবুর রহমান, বাপা হবিগঞ্জ শাখার যুগ্ম সম্পাদক রোটারিয়ান ডাঃ এস এস আল আমিন সুমন, শখের ছবিয়াল-এর এডমিন মাসুক আহমেদ, রোটারেক্ট ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট জারিন তাসলিম, রোটারেক্ট ক্লাব অব হবিগঞ্জ খোয়াই এর প্রেসিডেন্ট এডভোকেট সৈয়দ জাদিল উদ্দিন আহমেদ, সংস্কৃতিকর্মী উসমান গণি রুমী, সন্ধান হবিগঞ্জ-এর সংগঠক মাহবুবুর রহমান হাসান প্রমুখ। সভা পরিচালনা করেন বাপা জেলা শাখার যুগ্ম সম্পাদক সিদ্দিকী হারুন। উক্ত কর্মসূচিতে আরও সংহতি প্রকাশ করে জীবন সংকেত নাট্যগোষ্ঠী, ব্যাঞ্জনবর্ণ সাংস্কৃতিক ক্লাব, তারুণ্য সোসাইটি ও যশোরআব্দা যুব কল্যাণ সংস্থা।

আপনার মন্তব্য

আলোচিত