০৫ আগস্ট, ২০১৬ ২৩:১৬
মৌলভীবাজারের বড়লেখায় জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করেছে পুলিশ ।
বৃহস্পতিবার (০৪ আগস্ট) দিবাগত রাতে উপজেলার দক্ষিণভাগ উত্তর (কাঁঠালতলী) ইউনিয়নের মাধবকুণ্ড উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি টিলা থেকে গোপন মিটিং এর সময় ১২জনকে গ্রেপ্তার ও তাদের কাছ থেকে ৫টি ককটেল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করছে ।
এ ঘটনায় এসআই স্বপন চন্দ্র সরকার বাদী হয়ে জামায়াত-শিবিরের ৬১ জনের নাম উল্লেখ ও ৫০/৬০জনকে অজ্ঞাতনামা রেখে থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-২, তারিখ-০৫/০৮/২০১৬ইং।
জামায়াত-শিবিরের গ্রেপ্তারকৃতরা হলেন-আব্দুল মুকিত তুলাই (৪০), কয়েছ আহমদ (২৮), আতিকুর রহমান (২৮), আবুল কালাম (৫৫), সফিকুল ইসলাম (৩৫), মারুফ আহমদ (৪৮), মিজানুর রহমান (২০), আব্দুর রউফ (৩৫), মোছলেহ উদ্দিন (৩০), ফরিজ আলী (৩৫), সাইদুল ইসলাম (৩২), রাজুল ইসলাম (৩০)।
থানায় পুলিশের দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (০৪ আগস্ট) দিবাগত রাতে মাধবকুণ্ড উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন একটি টিলায় গোপন মিটিং এর সংবাদে থানা অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জামায়াত শিবির নেতা-কর্মীরা পুলিশ লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন।
এতে এসআই জাহাঙ্গীর আলম, ইয়াকুব হোসেন, দেবাশীষ সূত্র ধর, মাসুদুল হক, কনস্টেবল সফিকুল ইসলাম, আব্দুল মতিন, নিরেশ দেবনাথ আহত হন। এসময় পুলিশ ৩ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে বলে এজাহারে উল্লেখ করা হয়।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান শুক্রবার রাত ১০টায় জানান, গোপন মিটিং ও নাশকতামূলক কার্যক্রমের প্রস্তুতি নেওয়ার সময় ৫টি ককটেলসহ জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় পুলিশের উপর লক্ষ্য করে তারা ককটেল নিক্ষেপ করে। এতে ৭ পুলিশ আহত হয়। আত্মরক্ষার্থে পুলিশ ৩রাউন্ড গুলি ছুড়ে। এঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের শুক্রবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মন্তব্য