নিজস্ব প্রতিবেদক

০৮ আগস্ট, ২০১৬ ১৬:১১

সিলেটে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে শিবির নেতা গ্রেপ্তার

সিলেটের ওসমানীনগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে সুয়েব আহমদ জাবেদ (২০) নামের এক শিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাত সাড়ে নয়টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জাবেদ উপজেলার খাইয়াখাইড় গ্রামের শহীদ আলীর ছেলে। তিনি ছাত্রশিবিরের দয়ামীর ইউনিয়ন শাখার সভাপতি।

পুলিশ ও স্কুলছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, স্থানীয় জমির আহমদ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রী গত কয়েক মাস ধরে জাবেদের বাড়িতে গিয়ে তার কাছে প্রাইভেট পড়তো। এই সুযোগে জাবেদ ওই স্কুলছাত্রীরকে একাধিকবার ধর্ষণ করে।

বিষয়টি ওই স্কুলছাত্রী তার পরিবারের সদস্যদের জানালে গত শনিবার রাতে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে জাবেদকে আসামি করে ওসমানীনগর থানায় মামলা করেন। পরে পুলিশ জাবেদকে গ্রেফতার করে।

শনিবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ওই ছাত্রীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।

ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী বলেন, “গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে জাবেদ স্বীকার করেছে যে- তিনি রাষ্ট্রবিরোধী চক্রান্তে লিপ্ত। পরে পুলিশ জাবেদকে নিয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জিহাদী বই, সরকারবিরোধী লিফলেট, চাঁদা আদায়ের রশিদ, প্রধানমন্ত্রীর ব্যঙ্গ ছবি উদ্ধার করে।”

জাবেদসহ ১১ জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে পৃথক একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

গ্রেফতারকৃত জাবেদকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত