০৯ আগস্ট, ২০১৬ ২১:০৫
কুলাউড়ায় সিএনজি অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে হাজী জুনাব আলী(৬৩) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৪ যাত্রী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার ৯ আগস্ট কুলাউড়া-মৌলভীবাজার রোডের ব্রাহ্মণবাজার মিশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে মৌলভীবাজার থেকে কুলাউড়াগামী একটি সিএনজি অটো রিক্সা (নং মৌলভীবাজার-থ-১১-৪০৮৮) চালক ব্রাম্মনবাজার মিশন এলাকার বাকে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই জুনাব আলীর মৃত্যু হয় এবং গাড়িতে থাকা অন্য ৪ যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয়রা দুর্ঘটনা কবলিত যাত্রীদের উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাজী জুনাব আলীকে মৃত ঘোষণা করেন। নিহত জুনাব আলী বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের পূর্ব হাতলিয়া গ্রামের মৃত মনসুর আলীর পুত্র। আহত ৪ যাত্রীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। আহতদের মধ্যে বড়লেখার ছোট ধামাই এলাকার হেলাল মিয়ার পুত্র রুবেল মিয়ার (২২) পরিচয় পাওয়া গেলেও অপর ৩ যাত্রীর পরিচয় জানা যায়নি। এদিকে ঘটনার পর থেকে সিএনজি অটোরিক্সা চালক পলিয়ে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানা পুলিশের এসআই আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। চালক পলাতক না আহত তা নিশ্চিত হওয়া যায়নি।
আপনার মন্তব্য