১০ আগস্ট, ২০১৬ ০২:৩৬
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) পানি সরবরাহ ব্যবস্থা উন্নতকরণ, পানির বিল আদায় বৃদ্ধিকরণকল্পে মিটার স্থাপন করবে সিসিক।
গত সোমবার (৮ আগস্ট) দুপুরে সিটি কর্পোরেশনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় পানি সরবরাহ উন্নতকরণকল্পে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীবের সঞ্চালনায় সভায় ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৌফিক বকস লিপন সভাপতিত্ব করেন।
সভায় কাউন্সিলরবৃন্দ তাদের নিজ নিজ ওয়ার্ডের পানি সরবরাহ সংক্রান্ত সমস্যাগুলো তুলে ধরেন এবং তা দ্রুততার সাথে সমাধানের জন্য আহবান জানান। মহানগরবাসীর মধ্যে যাতে সমভাবে পানি সরবরাহ করা হয় এবং এক্ষেত্রে বিরাজমান সমস্যা দূর করার জন্য পানি শাখায় কর্মরত কর্মকর্তা কর্মচারীদের মনিটরিং কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়াও মহানগরীর বিভিন্ন বাসা বাড়ি এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের পানির উৎস, ব্যবহৃত উৎসের বৈধতা যাচাইকাজে বেসরকারি প্রতিষ্ঠান নিয়োগ দিয়ে জরিপ কাজ পরিচালনার সিদ্ধান্তও গ্রহণ করা হয় সভায়। পানির লাইনে মিটার বসানোর সিদ্ধান্ত গ্রহণ করে সভায় জানানো হয়, প্রাথমিকভাবে যে এলাকায় পানির চাপ বেশি আছে সেই এলাকায়, বাণিজ্যিক প্রতিষ্ঠানে এবং যেখানে কমপক্ষে ৪টি পরিবারের একত্রে বসবাস সেখানে পানির মিটার লাইন বসানো হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে সকল বাসা বাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে মিটার স্থাপন করবে সিটি কর্পোরেশন।
বিশেষ সভার সিদ্ধান্ত মোতাবেক এবার কমছে নলকূপ স্থাপন এবং নবায়ন ফি। পূর্বে যেখানে ২ ইঞ্চি ব্যাসার্ধের একটি লাইনে আবাসিক নলকূপ স্থাপন ফি ছিল ২০ হাজার টাকা সেখানে তা কমিয়ে করা হয়েছে ১০ হাজার টাকা। এই ক্যাটাগরির নলকূপের ক্ষেত্রে পূর্বে নবায়ন ফি নির্ধারিত ছিল ১০ হাজার টাকা, যা বর্তমানে কমিয়ে করা হয়েছে ২ হাজার টাকা। একইভাবে ২ ইঞ্চি ব্যাসার্ধের একটি বাণিজ্যিক নলকূপ স্থাপন ফি ছিল ৩৫ হাজার টাকা, যা কমিয়ে করা হয়েছে ১৫ হাজার টাকা, নবায়ন ফি ১৫ হাজার টাকা থেকে কমিয়ে করা হয়েছে ৪ হাজার টাকা। একইভাবে অন্যান্য ব্যাসার্ধের নলকূপ স্থাপন ফি এবং নবায়ন ফি কমিয়ে আনা হয়েছে, তবে ৬ ইঞ্চি ব্যাসার্ধের নলকূপ স্থাপন ফি এবং নবায়ন ফি অপরিবর্তিত রাখা হয়েছে।
সভায় কুশিঘাট ওয়াটার ট্রিটমেন্ট পাম্প-এ জনবল নিয়োগের ব্যাপারে চুক্তিভিত্তিক নিয়োগের নির্দেশনা চেয়ে মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করা হয়। অনুরূপভাবে আইসিটি শাখায় নিয়োগের ব্যাপারেও বিস্তারিত আলোচনা করা হয় এবং চুক্তিভিত্তিক নিয়োগের উপর গুরুত্বারোপ করা হয়। সভায় সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ ছাড়াও সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য