শাল্লা সংবাদদাতা

১১ আগস্ট, ২০১৬ ১৮:৫৭

শাল্লায় ৩ দিনব্যাপী ফলজ বৃক্ষমেলার উদ্বোধন

সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শাল্লা এর আয়োজনে ৩ দিন ব্যাপী ফলজ বৃক্ষমেলার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় বৃক্ষমেলার শুভ উদ্বোধন করেন উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলার কৃষিবিদ জাহিদুল হক।

এসময় এক বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রা শাল্লার প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করেন। পরে শাল্লা উপজেলার মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় শাল্লা উপজেলা চেয়ারম্যান গণেন্দ্র চন্দ্র সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল হক বলেন, আপনারা বেশি করে গাছ লাগান, প্রত্যেকের বাড়ীর আঙ্গিনাতে অন্তত ৩টি করে গাছ লাগান। আপনারা জানেন না বিদেশী ফলের চেয়ে আমাদের দেশের ফল গাছের ফলে কত ভিটামিন আছে। ৪টি আপেলের চেয়েও বেশি ভিটামিন আছে ১টি পেয়ারাতে। আপনারা ফলজ ও ঔষধি গাছ লাগাবেন, তাহলে ফল খেতেও পারবেন অসুখ-বিসুখও থাকবে না।

স্বাগতিক বক্তব্য নিয়ে আসেন শাল্লা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কে.এম. বদরুল হক। তিনি বলেন, আমাদের শাল্লা উপজেলায় গাছের সংখ্যা অনেক কম। বেশি বেশি করে গাছ লাগাতে হবে। আমি এই শাল্লা উপজেলাকে গাছে গাছে ভরপুর করে তুলব। একদিন দেখবেন কৃষকদের মুখেও হাসি। আমি কৃষকদের বিভিন্ন জাতের গাছ এবং চারা দিয়েছি, আরো দেব। তবে আপনারা আমাকে সহায়তা করতে হবে।

এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী, সুনামগঞ্জ থেকে আগত জেলা প্রশিক্ষণ কর্মকর্তা স্বপন কুমার সাহা, অতিরিক্ত উপ-পরিচালক মীর বজলুর রশিদ, শাল্লা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার, ৩নং বাহাড়া ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন, সাংবাদিক বাদল চন্দ্র দাস, কৃষক বসন্ত কুমার বৈষ্ণব।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া বেগম, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল, গোবিন্দ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহীপাল দাস মিল্টন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত