কুলাউড়া প্রতিনিধি

১১ আগস্ট, ২০১৬ ১৯:৩৪

কুলাউড়ায় দায়িত্ব হস্তান্তরে সাবেক ইউপি চেয়ারম্যানের টালবাহানা

কুলাউড়ার শরিফপুর ইউনিয়ন পরিষদের দায়িত্ব হস্তান্তরে নানা ধরনের টালবাহানা করছেন সাবেক ইউপি চেয়ারম্যান চিনু মিয়া। শরিফপুর ইউনিয়নে বর্তমান নির্বাচিত চেয়ারম্যান জুনাব আলীকে প্রশাসনের পক্ষ বুধবার (৩ আগস্ট) দায়িত্ব অর্পণ করলেও সাবেক চেয়ারম্যান চিনু মিয়া তা মানতে নারাজ।

জানা যায়, সারাদেশে চতুর্থ ধাপে অনুষ্ঠিত ৭ মে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চিনু মিয়াকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন জুনাব আলী। ২১ জুন উপজেলা পরিষদ সভাকক্ষে ইউপি চেয়ারম্যান জুনাব আলীসহ আরো ৫ ইউপি চেয়ারম্যানকে শপথ পড়ান জেলা প্রশাসক মো. কামরুল হাসান।

ইতিমধ্যে উপজেলার ১৩ ইউনিয়নের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় ৩ আগস্ট দায়িত্ব হস্তান্তরের দিন প্রশাসনের পক্ষে প্রতিনিধি উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আব্দুল মতলিবের উপস্থিতিতে দায়িত্ব গ্রহণ করেন বর্তমান চেয়ারম্যান জুনাব আলী। এদিন সাবেক চেয়ারম্যান চিনু মিয়া উপস্থিত থেকে প্রশাসনকে তার দায়িত্ব বুঝিয়ে দেয়ার কথা থাকলেও তিনি উপস্থিত হননি।

বর্তমান চেয়ারম্যান জুনাব আলী জানান, উপজেলা প্রশাসন আমাকে চেয়ারম্যানের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে অর্পণ করেছেন। আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করছি। সাবেক চেয়ারম্যান উনার দায়িত্ব বুঝিয়ে দেন নাই।

এ ব্যাপারে জানতে চাইলে সাবেক চেয়ারম্যান মো. চিনু মিয়া বলেন, আমি উচ্চ আদালতে আমার নির্বাচনী এলাকার ইউপি নির্বাচনের বিরুদ্ধে রিট আবেদন করেছি। বর্তমানে বিষয়টি নিয়ে মামলা চলছে।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম জানান, আইনগতভাবে শপথ গ্রহণের মাধ্যমে চেয়ারম্যান জুনাব আলী দায়িত্ব পেয়েছেন। আনুষ্ঠানিকভাবে গত ৩ আগস্ট তাকে দায়িত্ব অর্পণ করা হয়েছে। সাবেক চেয়ারম্যান প্রশাসনকে দায়িত্ব বুঝিয়ে না দিয়ে আইন অমান্য করেছেন। এই জন্য আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত