১৩ আগস্ট, ২০১৬ ২৩:৪১
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক দম্পতির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- আজির আলী (৪৫) ও তাঁর স্ত্রী আলিমা বেগম (২৫)। শনিবার রাতে উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, সন্ধ্যার পর ঘরের বারান্দায় বসে ছিলেন পূর্ব জালালপুর গ্রামের বাসিন্দা আজির ও তাঁর স্ত্রী আলিমা। এ সময় ঝড়-বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণ পরে হঠাৎ বজ্রপাতে তাঁরা দুজন আহত হন। স্বজনরা তাঁদের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে রাত ৯টার দিকে মারা যান তাঁরা।
এ ঘটনার সত্যতা স্বীকার করে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হক সাংবাদিকদের বলেন, দম্পতির পরিবারের জন্য ৪০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। আপাতত তাঁদের পরিবারকে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে।
আপনার মন্তব্য