সিলেটটুডে ডেস্ক

১৪ আগস্ট, ২০১৬ ২০:৩৩

১৩ তম দিনের মত সিলেটে চলছে বিউবো শ্রমিক কর্মচারী-কর্মকর্তাদের বিক্ষোভ

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিউবো) কোম্পানিতে রূপান্তরের প্রতিবাদে এবং প্রক্রিয়া বন্ধের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল-সমাবেশ কর্মসূচী পালন করেছে শ্রমিক-কর্মচারীরা।

টানা কর্মসূচীর ত্রয়োদশ দিনে রোববার (১৪ আগস্ট) সকাল থেকে সিলেট বিউবো শ্রমিক কর্মচারী-কর্মকর্তা ঐক্য পরিষদের ব্যানারে এসব কর্মসূচী পালন করা হয়।

দুপুরে বাগবাড়িস্থ সিলেট বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলীর কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা। সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট বিউবো শ্রমিক কর্মচারী-কর্মকর্তা ঐক্য পরিষদের আহ্বায়ক ও বিউবো সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী রতন কুমার বিশ্বাস।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রকৌশলী রনদা প্রসাদ রায়, ব্যবস্থাপক কুমারগাও সিলেটের প্রকৌশলী উজ্জ্বল কুমার মহন্ত, নির্বাহী প্রকৌশলী বিবিবি-৩ প্রকৌ. জিন্নাত আলী, নির্বাহী প্রকৌশলী বিবিবি-৪ আব্দুস সাত্তার, উপ পরিচালক প্রশাসন বিউবো সিলেট মো. ইয়াসিন ইকরাম, ডিপ্রকৌস সিলেটের সহ সভাপতি মো. হায়দার আলী, কেন্দ্রীয় সদস্য নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ (সিলেট-সুনামগঞ্জ) সিবিএ-১৯০২ সভাপতি শুক্কুর আহমদ, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ ১৯০২ ভারপ্রাপ্ত সভাপতি স্বপন চক্রবর্তী, সাধারণ সম্পাদক মো. মোস্তাকিম, জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়ন ১৮৮৬ সভাপতি আব্দুল বাসিত শেরো, সাধারণ সম্পাদক সুরমান আলী, ডাক্তার রাকিব আহমদ দেওয়ান, শ্রম বিতরণ অঞ্চল সিলেটের সহকারী পরিচালক রুহুল আমিন প্রমুখ।

বক্তারা বলেন, শেখ হাসিনা কৃষক-শ্রমিক মেহনতি মানুষের নেত্রী। আমাদের বিশ্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিদ্যুৎ সেক্টরের কথা চিন্তা করে, শ্রমিকদের কথা চিন্তা করে, দেশবাসীর কথা চিন্তা করে বিউবো শ্রমিক কর্মচারী কর্মকর্তাদের ন্যায্য দাবী মেনে নিবেন।  বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিতরণ অঞ্চল দেশের কোন এলাকাতেই কোম্পানিতে রুপান্তর যুক্তিসঙ্গত নয়। এ পর্যন্ত যতগুলো কোম্পানি গঠিত হয়েছে সেগুলো লাভজনক অবস্থায় পৌছতে পারেনি। বর্তমানে বিউবোতে সেবার মান, রাজস্ব আদায় সহ সকল অবস্থায় কোম্পানির চেয়ে ভালো অবস্থানে রয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কোম্পানি হলে সারাদেশের গ্রাহকরা হয়রানীর শিকার হবেন অতিরিক্ত বিল দিতে হবে শুধু তাই নয় কোম্পানি বিদ্যুৎ বিভাগের কোন সফলতা নিয়ে আসতে পারবে না। তাই দেশের স্বার্থে বিউবোকে কোম্পানি করা থেকে বিরত থাকার প্রয়োজন। সারাদেশে বিদ্যুৎ ঘাটতি কমিয়ে যখন উৎপাদন বেড়েছে তখন একটি কুচক্রী মহল তাদের ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য বিউবোকে কোম্পানিতে রূপান্তরের ষড়যন্ত্র শুরু করেছে।

বক্তারা আরও বলেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোম্পানিতে রূপান্তরের প্রক্রিয়া বন্ধ করা না হলে সিলেটসহ সারাদেশে যে আন্দোলন চলছে তা অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

আলোচিত