২৭ মার্চ, ২০১৫ ১৭:৩৭
উপজেলা পরিষদ উপনির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ সমর্থিত দুই প্রার্থির আহুত জনসভাকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায় মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা বলবত থাকবে।
স্থানীয়রা জানায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আ'লীগ সমর্থিত দুই প্রার্থী শহরে পাশাপাশি দুই স্থানে সভা আহ্বান করে। ফলে আইন শৃংখলা পরিস্থিতির অবনতি হতে পারে-এই আশঙ্কায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
সহকারি রিটার্নিং অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম জুড়ী শহরে ১৪৪ জারির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'দুই প্রার্থী পাশাপাশি স্থানে জনসভা আহ্বান করায় আইন শৃখলার অবনতি হতে পারে- এই আশঙ্কায় শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।'
উল্লেখ্য যে, জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোমিত আসুক মারা যাওয়ায় চেয়ারম্যান পদ শূন্য হয়। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-বিএনপির একাধিক প্রার্থী রয়েছে। আগামী ২৯ মার্চ এ উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আপনার মন্তব্য