১৬ আগস্ট, ২০১৬ ২১:০৯
মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে গোয়াইনঘাট উপজেলা মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলি-যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ইমরান আহমদ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন মাতৃভাষা ও মৌলিক বাঙালি জাতির অধিকার রক্ষার কিংবদন্তী। তাঁর রেখে যাওয়া কর্মের মাধ্যমে বাঙ্গালি জাতির হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন। একটি সুখী সমৃদ্ধ দেশ গঠন স্বপ্ন ছিল তাঁর। কিন্তু কতিপয় বিপথগামী আততায়ীর বুলেটে ১৯৭৫ সালে ১৫ই আগস্ট স্ব-পরিবারে জাতির জনক বঙ্গবন্ধুকে নির্মম ও পরিকল্পিতভাবে হত্যা করা হয়।
তিনি বলেন, শোককে শক্তিতে পরিণত করে বাঙ্গালি জাতিকে এগিয়ে যেতে হবে। বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালাহ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া হেলালের পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. ইব্রাহিম, সহকারী কমিশনার (ভূমি) আশরাফ আহমদ রাসেল, গোয়াইনঘাট বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ফজলুল হক, সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট জামাল উদ্দিন মাস্টার প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, আমিনুর রহমান চৌধুরী, আব্দুস সালাম, এস কামরুল হাসান (আমিরুল), আওয়ামীলীগ নেতা আজিজুর রহমান মাস্টার, ইসমাইল আলী মাস্টার, দেলোয়ার হোসেন, যুক্তরাষ্ট্র শ্রমিকলীগ নেতা সামছুল আলম, যুবলীগ নেতা ফারুক আহমদ, উপজেলা যুবলীগ নেতা তাজ উদ্দিন, মুজিবুর রহমান, গোলাম কিবরিয়া রাসেল, গোলাম সারওয়ার, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
আপনার মন্তব্য