১৬ আগস্ট, ২০১৬ ২১:২৪
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা কর্তৃক পরিচালিত এক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি উদ্ধার করা হয়েছে। এর সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার ও তাদের কাছ থেকে বিড়ি বিক্রি বাবদ নগদ টাকাও উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নি.) শাহ মো. হারুন-অর-রশীদের নেতৃত্বে দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজার এলাকায় মাদক বিরোধী এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার হওয়া বিড়ি ব্যবসায়ীরা হলেন আবুল মিয়া (২৩) ও আছকির মিয়া (৩২)। তাদের হেফাজত হতে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ছাব্বিশ হাজার শলাকা ভারতীয় নাসিরউদ্দিন বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিড়ির আনুমানিক বাজার মূল্য আনুমানিক একচল্লিশ হাজার ছয়শত টাকা।
এছাড়াও গ্রেপ্তারকৃত আবুল মিয়ার হেফাজত হতে বিড়ি বিক্রির নগদ দুই হাজার একশত টাকাও উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে এসএমপি'র পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আপনার মন্তব্য