১৭ আগস্ট, ২০১৬ ১২:০৭
ব্যবসায়ীকে ছুরিকাহত করে পালিয়ে যাচ্ছে গোল চিহ্নিত ব্যক্তি
সিলেট নগরীর জিন্দাবাজারে ছুরিকাঘাতে গুরুতর আহত ব্যবসায়ী করিম বক্স মামুন মারা গেছেন। আজ বুধবার (১৭ আগস্ট) ভোর সোয়া ৩টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত মামুনের ভাই ঈশান আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর জিন্দাবাজারে এলিগ্যান্ট শপিং সিটির মোবাইল ফোন ব্যবসায়ী মামুনকে নিজ দোকানে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দোকানের সামনে মোটরসাইকেল রাখা নিয়ে বাকবিতণ্ডার জের ধরে মামুনের বুকের বাম পাশে ছুরিকাঘাত করা হয়। পরে মোটরসাইকেলে করে চলে যায় হামলাকারী দুই ব্যক্তি। মূল হামলাকারী ব্যক্তির পরনে ছিল বাদামি রঙের টি-শার্ট।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
হাসপাতালের চিকিৎসকরা জানান, তাৎক্ষণিকভাবে তার শরীরে অস্ত্রোপচার করা হয়। তবে অতিরিক্ত রক্ত ক্ষরণের ফলে তাকে বাঁচানো সম্ভব হয়নি।
সিলেট কোতোয়ালি থানার লামাবাজার ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বেনু চন্দ্র বলেন, ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি।
আপনার মন্তব্য