নিজস্ব প্রতিবেদক

১৭ আগস্ট, ২০১৬ ১৫:৪৭

সিলেটে চলছে অনির্দিষ্টকালের ট্রাক ধর্মঘট

সিলেটে অনির্দিষ্টকালের জন্য ট্রাক ধর্মঘট কর্মসূচি পালন করছে সিলেট জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন। জৈন্তাপুরের সারিঘাট, ফেরিঘাট ও হরিপুর এলাকাসহ বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে অবৈধভাবে ট্রাক থেকে রয়েলিটি আদায়ের প্রতিবাদে আজ (বুধবার, ১৭ আগস্ট) থেকে সিলেটে ট্রাক ধর্মঘট শুরু হয়েছে।

সকাল ৬টা থেকে শুরু হওয়া এ ধর্মঘট দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে বলে জানান আন্দোলনকারীরা। এ আন্দোলনে সমর্থন প্রদান করেছে সিলেট জেলা সড়ক পরিবহণ ঐক্য পরিষদ।

মঙ্গলবার সকালে সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক দফা বৈঠকে শ্রমিক নেতৃবৃন্দ দাবি আদায়ে বিলম্বের কথা জানতে পারেন। পরে সন্ধ্যায় সিলেট সার্কিট হাউজে জেলা প্রশাসন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন শ্রমিক নেতৃবৃন্দরা। এ সময় তাদের দাবির কথা তুলে ধরলে বুধবার এ বিষয়ের সুরাহার জন্য সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তাদের সাথে ট্রাক শ্রমিকদের বৈঠকের মাধ্যমে সমাধানের নির্দেশ প্রদান করা হয়।

ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ দিলু মিয়া অভিযোগ করে বলেন, জৈন্তাপুরের সারিঘাট, ফেরিঘাট ও হরিপুর এলাকা থেকে অবৈধ ভাবে পেশি শক্তির বলে ট্রাক থেকে রয়েলিটি আদায় করা হচ্ছে। টাকা না দিলে চাললকদেরকে নির্যাতনও করা হচ্ছে প্রতিনিয়ত। অথচ পুলিশ প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। অবশেষে বাধ্য হয়ে ট্রাক শ্রমিক ইউনিয়ন ধর্মঘট কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হয়। তাছাড়া সিলেটের বিভিন্ন পৌরসভা, উপজেলা ও মহাসড়কে বাঁশকল বসিয়ে অন্যায় ভাবে বিভিন্ন রকমের ট্যাক্স আদায় করা হচ্ছে বলেও জানান তিনি।

জেলা সড়ক পরিবহণ ঐক্য পরিষদের সভাপতি সেলিম আহমদ ফলিক বলেন, বিভিন্ন দাবিতে ট্রাক শ্রমিকরা যে ধর্মঘটের ডাক দিয়েছেন, তাতে আমরা একাত্মতা পোষণ করেছি।

দাবি আদায় না হলে, বৃহস্পতিবার থেকে সিলেটে ট্রাকের পাশাপাশি বাস-মিনিবাস ও সিএনজি অটো রিক্সা অটো টেম্পুসহ সকল প্রকার পরিবহণ ধর্মঘট পালন করবে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত