১৭ আগস্ট, ২০১৬ ১৭:১৯
সিলেট থেকে জেদ্দা সরাসরি হজ্ব ফ্লাইট শুরু হয়েছে। বুধবার দুপুর ১২টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি হজ্ব ফ্লাইট ৪শ ১৯ জন যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে সিলেট ছাড়ে।
এ বছর ঢাকা ও চট্টগ্রাম থেকে সরাসরি হজ্ব ফ্লাইট কয়েকদিন আগে শুরু হলেও সিলেট থেকে সরাসরি হজ্ব ফ্লাইট এটি প্রথম। সিলেট থেকে মোট ৪টি বিশেষ হজ্ব ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে রওনা হবে বলেও হজ্ব সংশ্লিষ্ট সূত্র জানায়।
হাব সিলেট জোনের অর্থ সম্পাদক জুনায়েদ আলী জানান, সিলেট অঞ্চল থেকে এবার ৩ হাজার মানুষ পবিত্র হজব্রত পালন করতে যাচ্ছেন। তাদের পরিবহণের জন্য সিলেট-জেদ্দা ৪টি ফ্লাইট নির্ধারণ করা হয়েছে।
তিনি জানান, পরবর্তী ফ্লাইট ৩০ আগস্ট রাত ০৯টা ৪৫ মিনিটে, ৩১ আগস্ট রাত ০৯টায় তৃতীয় এবং ০২ সেপ্টেম্বর রাত ০৯টা ৪৫ মিনিটে শেষ ফ্লাইটটি জেদ্দার উদ্দেশ্যে সিলেট ছাড়বে।
এ ছাড়াও সিলেট থেকে ঢাকার সাথে কানেক্টিং ফ্লাইটেও হজ যাত্রী পরিবহণ চলছে বলেও জানান তিনি।
আপনার মন্তব্য