১৭ আগস্ট, ২০১৬ ১৮:৩৪
লাউয়াছড়ায় বন্যপ্রাণী হত্যা যেনো থামছেই না। বনের মধ্যকার রাস্তায় দ্রুতগামী মটরযানের আঘাতে আবারো মারা গেল অত্যন্ত বিপন্ন প্রজাতির একটি চশমাপরা হনুমান।
বুধবার (১৭ আগস্ট) দুপুরে লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশ মুখে হনুমানটিকে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে বন্যপ্রাণী রেঞ্জকে জানালে তারা এসে পরীক্ষা-নিরীক্ষার পর মাটিচাপা দেন।
মৌলভীবাজার বন্যপ্রাণি রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. তবিবুর রহমান বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে আমরা জানতে পারি চশমাপরা একটি হনুমান মৃত অবস্থায় রাস্তায় পড়ে আছে। পরে হনুমানটির মৃতদেহ উদ্ধার করে মাটিচাপা দেই।
তিনি বলেন,লাউয়াছড়া বনের মধ্য দিয়ে যাওয়া রাস্তায় দ্রুতগতিতে যানবাহন চলাচল করে। যা বিপন্ন প্রজাতির বন্যপ্রাণীদের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে কয়েকবার অবহিত করা হয়েছে।
মৌলভীবাজার বন্যপ্রাণি রেঞ্জ সূত্র জানায়, চোখের চারপাশে গোলাকার বৃত্তের কারণে হনুমানের এ প্রজাতিটিকে ‘চশমাপরা’ হনুমান নামে ডাকা হয় (Phayer’s leaf monkey)। এটি অত্যন্ত বিরল প্রজাতির হনুমান যাশুধুমাত্র সিলেট ও চট্টগ্রামের মিশ্র চিরসবুজ বনে দেখা যায়। এরা সাধারণত দিবাচর এবং বৃক্ষবাসী। প্রধানত দলগতভাবে, কখনও কখনও জোড়ায় ঘুরে বেড়ায়। মাথাসহ দেহের দৈর্ঘ্য প্রায় ৫৫ সেমি।
এর আগেও লাউয়াছড়ায় গাড়িচাপায় বিপন্ন এ প্রাণীটি মারা পড়েছে কয়েকবার। এছাড়া গত আট মাসে বানর, বিভিন্ন প্রজাতির সাপ, মেছোবাঘ, গন্ধগোকুলসহ প্রায় চল্লিশের অধিক প্রাণী এভাবে মারা পড়েছে বলে বন বিভাগ সূত্রে জানা যায়।
আপনার মন্তব্য