৩০ মার্চ, ২০১৫ ২১:২৭
তাফসিরুল কোরআনের নামে জামায়াতে ইসলামির মতাদর্শ প্রচারের আশঙ্কায় স্থানীয় আওয়ামিলীগের জনসভা আহ্বানকে কেন্দ্র করে বিয়ানীবাজারে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
উপজেলার মুড়িয়া ইউনিয়নের কোনাগ্রামে জামায়াতে ইসলামির তাফসিরুল কোরআন পরিষদ ও স্থানীয় আওয়ামীলীগ একই স্থানে ওয়াজ মাহফিল ও সভা আহবান করায় প্রশাসন এ ব্যবস্থা নেয়।
উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম চৌধুরী ও থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবের আহমদ এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, মঙ্গলবার (৩১ মার্চ) কোনাগ্রামের অফিস বাজারে দক্ষিণ মুড়িয়া তাফসিরুল কোরআন পরিষদের উদ্যোগে দিনব্যাপী তাফসির মাহফিলের আয়োজন করা হয়। এতে মাওলানা কামাল উদ্দিন জাফরী ও মাওলানা তারেক মনোয়ারের উপস্থিত থাকার কথা।
মাহফিলে জামায়াত-শিবিরের পৃষ্টপোষকতা রয়েছে এবং তাফসিরের আড়ালে তারা সংগঠিত হতে পারে এমন খবর পেয়ে স্থানীয় আওয়ামীলীগ একই স্থানে সভা আহবান করে।
এতে আইনশৃংখলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় প্রশাসন ঘটনাস্থল ও এর আশপাশে ১৪৪ ধারা জারি করে। উপজেলা জামায়াতের সেক্রেটারী আব্দুল মন্নান জানান, কোরআনের তাফসিরে প্রশাসনের এ নিষেধাজ্ঞায় ধর্মপ্রাণ মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন বলেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা তাফসিরের আড়ালে নাশকতার চেষ্টা করবে এমন খবরে আমরা সভা আহবান করি। কিন্তু প্রশাসনের প্রতি সম্মান জানিয়ে আমরা সভা থেকে বিরত থাকবো।
আপনার মন্তব্য