সিলেটটুডে ডেস্ক

৩১ মার্চ, ২০১৫ ১৩:০৫

বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি: উপজেলা চেয়ারম্যান ও নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে মামলা

বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করার অভিযোগে হবিগঞ্জের মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান ও মাধবপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা শহীদুল ইসলামের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। মাধবপুর থানায় মামলাটি দায়ের করেন উপজেলার চৌমুহনী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আতাউস সামাদ বাবু। মামলায় অজ্ঞাত আরো ১৫/২০ জনকে আসামী করা হয়।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে দায়ের করা মামলার অভিযোগে আতাউস সামাদ বাবু উল্লেখ করেন, মহান স্বাধীনতা দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক পৌর মেয়র শাহ মো. মুসলিম।

অনুষ্ঠানে বক্তবে উপজেলা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে দাবি করে বঙ্গবন্ধুকে কটুক্তি করেন। তার এ বক্তব্যকে সমর্থন করেন উপজেলা নির্বাচন অফিসার শহীদুল ইসলাম। এতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত ও মর্মাহত হন। এর প্রতিবাদ করলে মামলার আসামী ও তার লোকজন চেয়ার ভাংচুর করে উত্তেজনা সৃষ্টি করে।

মাধবপুর থানার ওসি মোল্লা মনির হোসেন জানান, মামলাটি রেকর্ডভুক্ত করে আসামীদের গ্রেফতার করতে অভিযান পরিচালনা করছে পুলিশ।

উল্লেখ্য, গত ২৬ মার্চ রাতে মাধবপুর উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান সৈয়দ শাহজাহান স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর অবদান খাটো করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক উল্লেখ করেন। তার বক্তব্য শেষে অনুষ্ঠানের সঞ্চালক উপজেলা নির্বাচন কর্মকর্তা শহীদুল ইসলাম তাকে ধন্যবাদ জানান। এতে ক্ষুব্ধ হয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক পৌর মেয়র মুক্তিযোদ্ধা শাহ মো. মুসলিমসহ আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা নির্বাচন অফিসার শহীদুল ইসলামকে মারধোর করেন।

এ ঘটনায় শহীদুল ইসলাম বাদী হয়ে শাহ মো. মুসলিমসহ ২০ জনের নাম উল্লেখ করে ৪০ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন।

আপনার মন্তব্য

আলোচিত