নিজস্ব প্রতিবেদক

৩১ মার্চ, ২০১৫ ২০:২০

গুরু-শিষ্যের লড়াইয়ে জল ঢেলে দিলেন শিষ্য

কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ আলোচিত হচ্ছেন সিলেটের দুই রাজনীতিবিদ। গুরু-শিষ্য হিসেবে পরিচিত সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান এবং সিটি কর্পোরেশনের তিনবারের নির্বাচিত কাউন্সিলর আজাদুর রহমান আজাদকে ফেসবুকে কে মুখোমুখি দাঁড় করিয়েছেন তাদের কিছু অনুসারি।

‘সিলেট সিটি করপোরেশনের আগামী নির্বাচনে কামরান না আজাদ কাকে প্রার্থী দেখতে চান’ জরিপের নামে ফেসবুকে এমন প্রচারণা চালাচ্ছেন তারা। ফলে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন কাউন্সিলর আজাদ। বিব্রতকর অবস্থায় কামরান ও। শেষ পর্যন্ত বিব্রতকর এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে কাউন্সিলর আজাদ মঙ্গলবার তার ফেসবুক পেজে প্রকাশ করেছেন তার অভিব্যক্তি।

ফেসবুকে কাউন্সিলর আজাদের দেয়া স্ট্যাটাসটি পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো-

 

‘আমি অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, গত কয়েকদিন ধরে ফেসবুকসহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে সিলেটের মাটি ও মানুষের প্রাণপ্রিয় নেতা, নন্দিত রাজনীতিবিদ, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আমার রাজনৈতিক অভিভাবক জনাব বদরউদ্দিন আহমদ কামরান ভাই'র সাথে আমাকে জড়িয়ে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপ্রাপ্তির প্রত্যাশা শীর্ষক কিছু পোস্টার/ওয়াল পেপার ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে। বিষয়টি আমার জন্য অত্যন্ত বিব্রতকর এবং বেদনাদায়কও বঠে।

এ প্রসঙ্গে আমি বলতে চাই যে, জননেতা বদরউদ্দিন আহমদ কামরান আমার দীর্ঘদিনের রাজনৈতিক গুরু ও সিলেটের সর্বস্তরের রাজনৈতিক মহলে একজন আস্থাভাজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। সিলেটের সামগ্রিক উন্নয়ন কর্মকান্ডসহ সকল রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক আন্দোলনে তিনি ছায়ার মতো আমাদের আগলে রেখেছেন, প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। তাঁর সমস্ত চিন্তা-চেতনা-সংগ্রাম ও স্বপ্ন সিলেটের আপামর জনসাধারনের সামগ্রিক কল্যাণ ও এই শহরের অবকাঠামোগত উন্নয়ন। অতীত, বর্তমান ও ভবিষ্যতে তিনিই হচ্ছেন সিলেটের নগরপিতার সুযোগ্য ও একমাত্র দাবীদার।

আমার যে সকল শুভাকাঙ্খী/অনুসারী বন্ধুরা এমন পোস্টার বা বার্তাটি ওয়ালপেপার আকারে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে চলেছেন তাঁদের কাছে আমার বিনীত অনুরোধ দয়া করে এমন প্রচারণা থেকে বিরত থাকুন এবং অন্যদেরও বিরত থাকার জন্য আমার অনুরোধটুকু পৌঁছে দিন। কেননা, এতে করে আমার দীর্ঘদিনের পরীক্ষিত রাজনৈতিক অভিভাবক জনাব কামরান ভাই'র সাথে আমার দুরত্বই বাড়বে না বরং আমাদের উভয়কেই খাটো করা হবে। আমি মনেপ্রাণে বিশ্বাস করি জনাব বদরউদ্দিন আহমদ কামরান ভাই'র তুলনা কেবল তিনিই। তাঁর সমকক্ষতা অর্জন করার দুঃসাহস প্রদর্শন করার ধৃষ্টতা যেন আমাদের কাউকেই না তাড়ায়। সকলকে ধন্যবাদ।’
 

উল্লেখ্য, রিপোর্ট লেখা পর্যন্ত কাউন্সিলর আজাদের ফেসবুকের কভার ছবিতে কামরানের সাথে তার (আজাদের) একটি ছবিও শোভা পাচ্ছিলো। 

 

 

 

আপনার মন্তব্য

আলোচিত