০২ এপ্রিল, ২০১৫ ১৫:৪০
সিলেট নগরীর বারুতখানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পুলিশ গুলি ছুড়লে স্বেচ্ছাসেবক দলের ৬ নেতাকর্মী আহত হন। গ্রেফতার করা হয় আরো ৩ জনকে। বৃহস্পতিবার বেলা ২ টায় এ ঘটনা ঘটে।
সংঘর্ষ ও গুলি ছোড়ার বিষয়ে পুলিশ ও স্বেচ্ছাসেবক দল নেতারা একে অপরকে দোষারুপ করেছেন। পুলিশের দাবি মিছিল থেকে নেতাকর্মীরা পুলিশের উপর হামলা চালালে আত্মরক্ষার্থে গুলি চালানো হয়। অপরদিকে, স্বেচ্ছাসেবক দলের নেতাদের দাবি, পুলিশ বিনা উস্কানিতে শান্তিপূর্ণ মিছিলে গুলি চালিয়েছে।
সিলেট স্বেচ্ছাসেবক দলের নেতারা জানান, ২০ দলীয় জোটের ডাকা আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা পৌণে ২টার দিকে বারুতখানা থেকে মিছিল বের করেন তারা। মিছিলটি জিন্দাবাজারের দিকে কিছুদূর এগোতেই বিপরীত দিক থেকে একটি পুলিশের ভ্যান আসে। ভ্যানটি মিছিল অতিক্রম করে বারুতখানা পয়েন্টে গিয়ে থামে। এরপর কোনো কথা না বলেই বারুতখানা পয়েন্ট থেকে পুলিশ সদস্যরা পেছন থেকে মিছিলে গুলি চালিয়ে দেয়।
এতে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক আজমল হোসেন রায়হান, স্বেচ্ছাসেবক দল নেতা মুহিব, সালাম, জাকারিয়া, এমরান ও ছাত্রদল নেতা আবদুল কাইয়ূমসহ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি স্বেচ্ছাসেবক দলের।
এসময় পুলিশ ধাওয়া করে শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দিপক রায়, দক্ষিণ সুরমা স্বেচ্ছাসেবক দল নেতা এ ইউ তাহের ও তায়েফকে আটক করে।
এ ব্যাপারে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সভাপতি ও জেলা আহ্বায়ক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান বলেন- আজ বিনা উস্কানিতে আমাদের শান্তিপূর্ণ মিছিলে গুলি চালিয়েছে। জনগনই এই নৃশংসতার জবাব দেবে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. রহমত উল্লাহ বলেন, বারুতখানায় একটি ঝটিকা মিছিল থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা পুলিশের উপর হামলা চালায়। এসময় পুলিশ ১০ রাউন্ড গুলি ছুঁড়ে এবং ৩ জনকে আটক করে।
আপনার মন্তব্য