নিজস্ব প্রতিবেদক

০৪ এপ্রিল, ২০১৫ ০৯:০৩

সিলেটে বৈশাখের আগেই কালবৈশাখী ঝড়,বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি

গত ৩ দিন থেকেই মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশের বিভিন্ন স্থানের মত সিলেটেও চলছে বৃষ্টিপাত। তবে শনিবার ভোররাতে শুরু হওয়া ঝড়ের মাত্রা ছিলো ব্যাপক। হয়েছে শিলাবৃষ্টিও। বৈশাখের মাস শুরু হবার আগেই কালবৈশাখী ঝড়ে কারণে বিভিন্ন স্থানে গাছপালা ও টিনের ঘর পড়ে থাকতে দেখা যায়। বটেশ্বর, জালালাবাদ সেনানিবাস এলাকায় সিলেট-তামাবিল রোডে রাস্তার পার্শ্ববর্তী গাছ ভেঙ্গে পড়ে গেলে সাময়িকভাবে যানচলাচল বিঘ্নিত হয়।


এছাড়াও একই এলাকার বাজারে বেশ কয়েকটি টিনের দোকান ভেঙ্গে পড়লে ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন। নগরীর নাইওর পুল পয়েন্টের দিকে ড্রেনের ভেতর ময়লার স্তূপ জমা থাকায় রাস্তায় পানি জমাট হয়ে যায়, এছাড়াও বাগবাড়ি, মির্জা জাঙ্গাল, খাস্তবীর এলাকায় রাস্তায় পানি জমে গেলে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, শনিবার সারাদিনই থেমে থেমে বৃষ্টিপাত হবে। এদিকে মৌসুমের শুরুতেই এমন বৃষ্টিপাত হওয়ায় ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

আপনার মন্তব্য

আলোচিত